জয় কামদারকে গ্রেপ্তারের পর বেহালার যিশুকে ইডির তলব
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি লেনদেন, জমি দখলের অভিযোগে নির্মাণ ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তারের পর এবার বেহালার যিশু জৈনকে তলব করল ইডি। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে সল্টলেকের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। যিশুর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিনি নির্ধারিত সময়ে হাজিরা দেবেন। সূত্রের খবর, যিশুকে জিজ্ঞাসাবাদ করে বেহালা, নিউ আলিপুর, হরিদেবপুর থানা এলাকায় জয় কামদারের জমি দখল, বেআইনি লেনদেন, হাওলা কারবার সংক্রান্ত তথ্য জানতে চাইছেন ইডি আধিকারিকরা। কিন্তু হঠাৎ কেন যিশুকে তলব করল ইডি? ওই সূত্রের দাবি, একটা সময় বেহালার ‘ত্রাস’ বলে পরিচিত যিশুর সঙ্গে জয় কামদারের ব্যবসায়িক সুসম্পর্ক ছিল। যদিও গত কয়েক বছর ধরে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। বর্তমানে পেশায় নির্মাণ ব্যবসায়ী যিশু শিবিরের অভিযোগ, ‘জয় কামদারের বেশ কয়েকটি প্রজেক্টে কাজ শেষ করার পর চুক্তিমতো টাকা মেটায়নি জয় কামদার। এনিয়ে পর্ণশ্রী থানায় জয় কামদারের বিরুদ্ধে মামলাও করেছিলেন যিশু। সেই মামলা এখনও চলছে। পাশাপাশি কলকাতার একাধিক আইপিএস অফিসারের সঙ্গে সখ্যতাকে কাজে লাগিয়ে যিশুকে নিউ আলিপুর এবং এন্টালি থানার দিনের পর দিন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন জয় কামদার বলে অভিযোগ। যার জেরে বর্তমানে উভয়ের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছে গিয়েছে। সম্ভবত বিষয়টি অজানা নয় ইডির। জয় কামদারের ভুয়ো সংস্থা এবং ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন নিয়ে তাই যিশুকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পেতে চাইছেন ইডি আধিকারিকরা।