প্রথম দফার ভোটের আগেই উত্তপ্ত বাংলা। তৃণমূলের (TMC) বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুর। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ, মালদা-সহ একাধিক জেলার বিভিন্ন বুথে ইভিএম কাজ করছিল না বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, রাতে মোটরবাইকে চেপে যাওয়ার সময়ে এক পথকুকুরের বাচ্চাকে চাপা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হন বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, দলীয় কার্য়ালয়ে ছিলেন রবীন্দ্রনাথ। লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রবীন্দ্রনাথ। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যান তৃণমূলের নেতা-কর্মীরা। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।
অন্য দিকে, মুর্শিদাবাদ, মালদা, কাঁথি-সহ একাধিক জেলার বিভিন্ন বুথে ইভিএম বিকল হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কান্দি ব্লকের কুমারসাঁদা অঞ্চলের ১৯ নম্বর বুথে ইভিএম বিকল থাকায় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে অভিযোগ। একই ছবি মালদার চাঁচল ১ নম্বর ব্লকের ২১১ নম্বর বুথেও। সেখানেও ইভিএম কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের কালচিনির মেন্দাবাড়ি এলাকার ২০৫ নম্বর বুথেও ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। পরে ইভিএম বদল করেন ভোট চালু করেন ভোটকর্মীরা।
একই সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের শীতলখুচির খালিশামারি এলাকায়। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। ১৪৮ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।