এই সময়, উদয়নারায়ণপুর: বাংলা থেকে গুন্ডারাজ নির্মূল করার জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার উদয়নারায়ণপুরের রাজাপুর সমবায় মাঠে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের সমর্থনে এক নির্বাচনী জনসভায় এই আর্জি জানানোর পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর সভার জন্য ডেকরেটর ও মাইকম্যানরা যাতে না আসতে পারেন, তার জন্য তৃণমূলের তরফে চাপ তৈরি করা হয়েছিল।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে মহিলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা ছিল না। মাসের পর মাস কার্টু ও দাঙ্গার ঘটনা ঘটত। বিজেপি ক্ষমতায় আসার পরে এখন উত্তর প্রদেশে মহিলাদের কেউ অসম্মান করলে কিংবা কেউ ব্যবসায়ীদের ভয় দেখালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাঁর কথায়, 'উত্তর প্রদেশে বেটি এবং ব্যবসায়ীদের সঙ্গে কেউ গোলমাল করলে যমরাজের ঘরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হয়।' সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, 'বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে ডবল ইঞ্জিন সরকার দরকার।'
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, 'দিদি আপনি বলেন খেলা হবে, আমি বলি এ বারের ভোটে খেলা শেষ হয়ে যাবে। এ বার উন্নয়ন হবে।' তিনি অভিযোগ করেন, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট হয়। এই রাজ্যে ডেমোগ্রাফিক পরিবর্তন আটকাতে বিজেপির সরকার দরকার।'
তিনি বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপড়ে ফেলা হবে। আমি বলছি, বাংলায় বাংলা ভাষা থাকবে। বাংলা ভাষা বাঙালির পরিচয়। যারা উর্দু পড়তে চাইবে, তার অন্যত্র চলে যাবে।' যোগী অভিযোগ করেন, এখানকার চাষিরা ফসলের সঠিক দাম পাচ্ছেন না। বিজেপি ক্ষমতায় এলে চাষিদের স্বার্থ সুরক্ষিত করার ব্যবস্থা করবে নতুন সরকার।এ দিনের সভায় বিজেপির গ্রামীণ হাওড়ার সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগী আদিত্যনাথের অভিযোগের পরিপ্রেক্ষিতে উদয়নারায়ণের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সমীর পাঁজা বলেন, 'যোগী যে মাঠে মিটিং করছেন, সেটি এমনিতেই একটা ছোট মাঠ। ওনার জনসভায় আশানুরূপ লোক হয়নি। তাই শাক দিয়ে মাছ ঢাকতে যোগী আদিত্যনাথ এই মিথ্যা অভিযোগ করেছেন।' বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্তের অবশ্য দাবি, সভায় যথেষ্ট লোক হয়েছিল।