• কড়া প্রহরাতেও আটকানো গেল না, ঝাড়গ্রামের ভোটকেন্দ্রে হেলেদুলে হাজির রামলাল!
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ভোটের দিনে গোলমাল এড়াতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে ঝাড়গ্রামেও চলছে ভোট গ্রহণ। সেই কারণেই ভোটের দিনে অযাচিত বিপত্তি এড়াতে ঝাড়গ্রামের পরিচিত হাতি রামলালকে নজরবন্দি করে রেখেছিল বনবিভাগ। কিন্তু, নানা সাবধানতা অবলম্বন করলেও শেষরক্ষা হলো না। বন্দিদশা থেকে পালিয়েই গেল রামলাল।

    বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির হতে দেখা যায় রামলালকে। ভোটের দিনে হেলেদুলে তাকে আসতে দেখা যায় ভোটকেন্দ্রের সামনে। রামলালকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষও ভিড় জমান রামলালকে দেখতে। মোবাইলে তার চলাচলের ছবি-ভিডিয়ো তুলে রাখেন অনেকেই।

    কিন্তু, সেই সবে কোনও ভ্রূক্ষেপ নেই রামলালের। সে নিজের মতো ঝাড়গ্রামের এ রাস্তা থেকে ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হোস পাইপ থেকে জল ছিটিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হয়নি। নিজের খেয়ালেই ঘুরতে দেখা যায় তাকে। কখনও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক থেকে খাবার খুঁজতেও দেখা যায় রামলালকে।

    রামলালকে ঝাড়গ্রামের রাস্তায় ঘুরতে দেখে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের আধিকারিকরা এসে রামলালকে সরিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান। প্রসঙ্গত, সপ্তাহ দু'য়েক আগে ঝাড়গ্রামের জঙ্গলে রামলাল ও শ্যামলাল নামে দুই হাতির এলাকা দখল নিয়ে লড়াই বাধে। ওই ঘটনায় সামনের ডান পায়ে চোট পায় রামলাল। যন্ত্রণায় গোবিন্দপুর এলাকার একটি ক্যানালের জল-কাদার মধ্যে দু'দিন বসে কাটায় সে। গ্রামবাসীরা চাঁদা তুলে আলু, আনাজ খেতে দেয় রামলালকে। বন দপ্তর খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে রামলালকে খাইয়ে সুস্থ করে। তার পরে ঝাড়গ্রাম ও লোধাশুলি রেঞ্জের শালবনি, গড়শালবনি এলাকার জঙ্গলে ফেরত পাঠানো হয় রামলালকে।

    ভোটের দিনে কোনও দুর্ঘটনা এড়াতে তৎপর ছিল প্রশাসন। হাতি নিয়ন্ত্রণে ঝাড়গ্রাম বন বিভাগের ৩০০ জন আধিকারীক-সহ বন কর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মোতায়েন রয়েছে ২৫টি গাড়িও। নজরদারিতে রয়েছে এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম ও Quick Response Team-ও। তবে, এত কড়া নজরদারির পরেও কী ভাবে ভোটকেন্দ্রের কাছে এলো রামলাল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)