• একাধিক জায়গায় EVM খারাপ! কী বললেন CEO মনোজ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় ইভিএমে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোটারদের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বললেন, ‘হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’

    বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে সিইও দপ্তরে পৌঁছন মনোজ। ভিতরে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মালদার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরুই করা যায়নি বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে মনোজ বলেন, ‘কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন।’ অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। তা নিয়ে সিইও বলেন, ‘সেটা ঠিক হয়ে যাবে।’

    প্রসঙ্গত, দেড় ঘণ্টা কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি, এই অভিযোগে দফায় দফায় উত্তেজনা হয়েছে মোথাবাড়িতে। অভিযোগ, সেখানকার একটি বুথে ইভিএম সমস্যার কারণে শুরু হয়নি ভোট গ্রহণ। এর পরেই সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভও দেখান ভোটাররা।

    মুর্শিদাবাদের নওদায় বোমাবাজির অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে মনোজ বলেন, ‘হ্যাঁ, খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ করা হবে।’

  • Link to this news (এই সময়)