সকাল থেকেই ডোমকল রণক্ষেত্র, কী ঘটেছে? রিপোর্ট চাইল কমিশন
আজ তক | ২৩ এপ্রিল ২০২৬
ভোট শুরু হতেই ডোমকলে ফিরল চেনা ছবি। রাজ্যে প্রথম দফার নির্বাচনে সকাল থেকেই ডোমকলে উত্তেজনা তুঙ্গে। ভোটারদের অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের শাসানো হয়েছে। অন্যদিকে, রাতেই দুই পক্ষের সংঘর্ষে জখম হয়েছে কমপক্ষে তিন থেকে চার জন। ফলে ভোটের দিন সকাল থেকেই ডোমকলে উত্তেজনা চরমে উঠেছে।
আজ সকাল থেকে কী অভিযোগ?
বাম সমর্থকদের অভিযোগ, এদিন সকালে ভোট দিতে যাওয়ার সময় তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে তৃণমূলের কর্মীরা, অভিযোগ এমনটাই। ভোটারদের একাংশের দাবি, সকালে যখন এমন হুমকি দেওয়া হচ্ছিল, তখন আশপাশে সেভাবে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনী কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনকে। যদিও পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
রায়পুর গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার সকালে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।