জোড়াফুলের পাশে হাতি। বাংলায় অবিজেপি সরকার গড়তে তৃণমূলের দিকেই সুর নরম মায়াবতীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বারো মাসের অনুজ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী মায়াবতীজির দলের নেতারা বলছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের মুখ। আমাদের সমর্থন রয়েছে ‘দিদি’কে।
বছর বিয়াল্লিশ আগে বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠা করে কাঁসিরাম পরবর্তীতে এই দলের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন মায়াবতীর নাম। রাজনীতির চর্চায় বাংলার মুখ্যমন্ত্রী যেমন সিগনেচার ‘দিদি’, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আসমুদ্র হিমাচল চেনে ‘বেহেনজি’ সম্বোধনে। বঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ১৫১টি আসনে লড়ছে সেই মায়াবতীর দল। শহর মফস্বল প্রত্যন্ত গ্রাম সব জায়গাতেই প্রার্থী দিয়েছে তারা। বহুজন সমাজ পার্টির বাদুড়িয়ার প্রার্থী গোপাল দাস, দমদম উত্তর কেন্দ্রের প্রার্থী সত্যব্রত মজুমদার, বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী আদর্শ রায়, বলাগড়ের প্রার্থী হরিচাঁদ মজুমদার একযোগে জানিয়েছেন, হাওয়া যেমন বলছে। এবার ভোটের হার বাড়বে বহুজন সমাজ পার্টির।
বাংলায় তাদের লড়াই এই প্রথম নয়। ২০২১ বিধানসভাতেও ভোটে লড়েছিল তারা। বঙ্গে বিএসপি-র দায়িত্বে থাকা অচিন্ত্য বিশ্বাস জানিয়েছেন, এবার ১৫১টি আসনে লড়ছে বহুজন সমাজ পার্টি। ২০২১ সালে ১৬১টি আসনে লড়েছিল পার্টি। অচিন্ত্য বিশ্বাসের দাবি, মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে ভোটের শতকরা হার বাড়বে এবছর। তা হলে কেন কম আসনে প্রার্থী? অচিন্ত্য বিশ্বাসের বক্তব্য, আমরা ১৮৭টি আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু নানাবিধ কারণে ৩৬টি প্রার্থীপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। কী রয়েছে তাদের এবারের ইস্তাহারে? ‘‘প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের অধিকার নিয়ে লড়াই করি আমরা। সেটাই দলের মূল আদর্শ।’’ জানিয়েছেন অচিন্ত্য। হাতির চিহ্নে দমদম উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সত্যব্রত মজুমদার। ছোট ছোট স্ট্রিট কর্নার করছেন।
বিধানসভার হাওয়া কেমন? বাংলায় বিধানসভা ভোটের ত্রিমুখী লড়াই এবার তৃণমূল-সিপিএম-বিজেপির মধ্যে। অচিন্ত্যবাবুর কথায়, ‘‘যদি সমর্থন করার জায়গা থাকে তা হলে জোড়াফুলের প্রতি সমর্থন জানাবে বহুজন সমাজ পার্টি। প্রয়োজনে ভবিষ্যতে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন মায়াবতীজি।’’ সোদপুরে বহুজন সমাজ পার্টির প্রধান কার্যালয়।