• সত্যি হচ্ছে মমতার ইভিএম শঙ্কা? দিকে দিকে ভোটমেশিনে ‘গলদ’ নিয়ে সাফাই মনোজের
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
  • কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠেছে। তার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ ভোটাভুটি ব্যাহত হয়। তা নিয়ে চলছে জোর চাপানউতোর। এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এর আগে একাধিক ভোটপ্রচার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ও ইভিএম গণ্ডগোল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। অনেকেরই প্রশ্ন, তবে কী সেই আশঙ্কাই সত্যি হল?

    বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সিইও দপ্তরে পৌঁছন মনোজ আগরওয়াল। সিইও দপ্তরে ঢোকার সময় ইভিএম বিভ্রাট নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তিনি জানান, “খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।” বলে রাখা ভালো, ভোটের শুরুতে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, পারসালিকা মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া যায়। সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথেও ইভিএম ত্রুটির অভিযোগ ওঠে। সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি। মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নম্বর বুথেও ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়।

    নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিরুলিয়াতেও ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। তার ফলে কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথে ভোটগ্রহণে সমস্যা হয়। আবার কোথাও কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল আবার কোথাও ভিভিপ্যাট লকের অভিযোগও সামনে এসেছে। আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের ৩/১৫৪ কেন্দ্রে ভিভিপ্যাট লকড। সেই বুথে গিয়ে প্রিসাইডিং-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। নতুন ভিভিপ্যাট আসার পর শুরু হয় ভোটগ্রহণ।

    প্রথম দফার ভোটের আগে একের পর এক নির্বাচনী প্রচারমঞ্চ থেকে ইভিএম বিভ্রাট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে বিজেপি ভোটে কারচুপি করতে পারে বলেই জানিয়েছিলেন। দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন। সেই আশঙ্কার জেরে উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে গরমিলের অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও সে অভিযোগ খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির।
  • Link to this news (প্রতিদিন)