• নওদায় আবার উত্তেজনা, হুমায়ুনের উপর হামলার অভিযোগ, রিপোর্ট চাইল কমিশন
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • আবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের নওদায়। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। নওদার শিবনগর এলাকা থেকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর হামলা করা হয় অভিযোগ উঠেছে। আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইটবৃষ্টির অভিযোগও ওঠে। হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় শেষে বিক্ষোভস্থল থেকে বেরোন হুমায়ুন।

    এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, হুমায়ুনের উপর হামলার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে।

    নওদায় ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ঘিরে ঝামেলা বাধে এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে হুমায়ুনের শিবির। পাল্টা তৃণমূলের দাবি, বুধবার রাতে নওদায় যাঁরা বোমাবাজি করেছেন, তাঁদের নিয়ে বৃহস্পতিবার ভোটের সকালে ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন। ঘটনাস্থলে হুমায়ুন এসে পৌঁছলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও। এর পরে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন। বলেন, নওদা তিনি ছাড়বেন না। পরে যখন তিনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, সেই সময়েই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।

    নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের বক্তব্য, ‘যাঁরা কাল বোমাবাজি করেছে, হুমায়ুন তাঁদের নিয়ে ঘুরছে। যাঁরা আমাদের মেরেছে। আর এখন বলছে এজেন্ট বসতে দিচ্ছে না? কে কার এজেন্ট বসতে দেয়নি, আমাকে জানাক। বুধবার আমাদের কর্মীদের বাড়িঘর ভেঙেছে, আমাদের কর্মীদের হাত পা ভেঙেছে। হুমায়ুন এ সব করাচ্ছে।’

  • Link to this news (এই সময়)