ভোটকেন্দ্রের সামনেই গাছ ভেঙে পড়ে চাপা পড়লেন বিজেপি কর্মী। তা দেখেই ছুটে এসে তাঁকে উদ্ধার করলেন সামনেই থাকা তৃণমূল কর্মীরা। ভোটের দিন সিউড়ি বিধানসভা এলাকার ঘটনা। জখম যুবকের নাম জিকো চট্টরাজ।
এ দিন ওই যুবক-সহ আরও একাধিক বিজেপি কর্মী সিউড়ির বোবা স্কুলের ভোটকেন্দ্রের ১৩৫ ও ১৩৬ নং বুথের বাইরে দাঁড়িয়েছিলেন। সেই স্কুলের সামনে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। হঠাৎ সেই গাছের কান্ড ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে তাতে চাপা পড়েন জিকো। তাঁকে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। কাছেই দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনা দেখে ছুটে আসেন তাঁরা।
বিজেপি কর্মীদের সঙ্গে হাতে-হাত লাগিয়ে উদ্ধার করা হয় জিকোকে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই যুবককে। হাসপাতালেও গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। ওই যুবকের দাঁত ভেঙেছে, মাথায় ও কোমরে চোট লেগেছে।
এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। গাছটি পড়ে দুপুর পর্যন্ত স্কুলের সামনের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।