উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনায় জখম এক বৃদ্ধা ও তাঁর ভাইপো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এলাকার ১৬২ নম্বর বুথে। গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়িমন নেসা নামে এক বৃদ্ধা তাঁর ভাইপোকে নিয়ে ভোট দিতে ওই বুথে যান। অভিযোগ, সেই সময়ে কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ জানিয়ে ওই বৃদ্ধা বলেন, ‘ভোট তাঁর গণতান্ত্রিক অধিকার এবং তিনি নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন।’ অভিযোগ, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই বৃদ্ধা ও তাঁর ভাইপোকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই বৃদ্ধা বলেন, ‘আমি ভোট দিতে এসেছিলাম। আমাকে ওই জওয়ানরা বলছিলেন বিজেপিকে ভোট দিতে। আমি ওঁদের বলেছি, নিজের ইচ্ছায় ভোট দেবো। এর পরে আমায় লাঠি দিয়ে মেরেছে। আমার মাথায় লেগেছে।’
ঘটনায় বৃদ্ধার মাথায় আঘাত লাগে এবং তাঁর ভাইপোর হাতেও লাঠির আঘাত লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।