• ইভিএমে নিশীথ প্রামাণিকের নাম ঢেকে দেওয়ার অভিযোগ
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ইভিএম ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের পাশে কালো সেলোটেপ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ছবিরন্নেছা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ের ২৬১ নম্বর বুথে।

    এই অভিযোগ সামনে আসতেই ওই বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হয় নির্বাচন কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচনী পরিদর্শন দল এবং মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথ এলাকায় কড়া নজরদারি চালানো হয়।

    বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট কৌশিক ভদ্র জানান, “সকালেই আমাদের কাছে খবর আসে যে ইভিএমে আমাদের প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমে পোলিং এজেন্টকে জানানো হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে একাধিক ভোটার একই অভিযোগ করলে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাই। এরপর তদন্তকারী দল এসে বিষয়টি খতিয়ে দেখে।” তিনি আরও দাবি করেন, প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট শুরু হয় এবং এই ঘটনার জেরে ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।

    অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ খারিজ করা হয়েছে। দলের প্রার্থী সাবলু বর্মনের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন, “একটি ছোটখাটো সমস্যা হয়েছিল ঠিকই, তবে তা দ্রুত সমাধান করা হয়েছে। এতে ভোট প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। সব দলের এজেন্টদের উপস্থিতিতে বিষয়টি মিউচুয়ালি ঠিক করা হয়েছে।”

     
  • Link to this news (আজকাল)