• কোথাও পেটাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কোথাও কাজ করছে না ইভিএম, ৭ ঘণ্টায় ৭০০ অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার নির্বাচনে (West Bengal Assembly Election) দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৭০০-র বেশি অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বেশিরভাগ অভিযোগ রয়েছে ইভিএম বিকল সংক্রান্ত বিষয়ে। প্রথম দফার নির্বাচনের প্রথমার্ধেই কৃষ্ণনগর থেকে নরেন্দ্র মোদি দাবি করেন, ৫০ বছরে প্রথমবার হিংসামুক্ত ভোট দেখছে বাংলা। রেকর্ড সংখ্যক ভোটদান হচ্ছে বলে কমিশনের প্রশংসা করেন তিনি।

    বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে। এসআইআরের পর এই নির্বাচনে দলে দলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকার খবর সামনে আসতে থাকে। বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথ, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নং বুথ, কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে ইভিএম খারাপ থাকায় দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এই সব নিয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস।

    কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর এবারের নির্বাচন (West Bengal Assembly Election) শান্তিপূর্ণভাবেই চলছে। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ভোটারদের প্রভাবিত এবং হেনস্তা করছেন। ঝাড়গ্রাম ও চোপড়ার মতো এলাকায় ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই সংক্রান্ত প্রায় ১০০-র বেশি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপাতত দুপুর ২টো পর্যন্ত ৭০০-র বেশি অভিযোগ জমা পড়েছে।
  • Link to this news (প্রতিদিন)