পাহাড়ে মহিলা ভোটারদের লম্বা লাইন, ‘মানুষের উচ্ছ্বাসে জয় নিশ্চিত’ দাবি গুরুংয়ের
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
সকাল থেকে পাহাড়ে কোনও বৃষ্টি নেই। মনোরম আবহাওয়ায় পাহাড়ে ভোটারদের লম্বা লাইন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের বিভিন্ন বুথে। সুকনা থেকে ঘুম, কার্শিয়াং, দার্জিলিং শহরের বিভিন্ন বুথে সকাল থেকে দীর্ঘ লাইন। সকালেই নিজের এলাকায় ভোট দেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। হাসিমুখে জানান, মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভোটে। তাদের জোট প্রার্থীদের জয় নিশ্চিত, এমনই দাবি করেন তিনি। দুপুর তিনটে পর্যন্ত দার্জিলিংয়ে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে।
পাহাড়ে তিনটি আসন রয়েছে-দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং। দার্জিলিং আসনে ভোটদাতা রয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১৬, কার্শিয়াংয়ে ২ লক্ষ ১৬ হাজার ১৫২ এবং কালিম্পংয়ে ২ লক্ষ ১ হাজার ৯৩১ জন। তিনটি আসনেই মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। এদিন সকাল থেকে বুথগুলোতে মহিলা ভোটদাতাদের ভিড় নজর কেড়েছে। পাহাড়ের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র বিজনবাড়ি ব্লকের চার নম্বর পোলিং স্টেশন সমন্দেন প্রাথমিক বিদ্যালয়। এখানে পৌঁছতে ভোটকর্মীদের দু’দিন লেগেছে। সামদেন ফরেস্ট প্রাইমারি স্কুলে ভোটকেন্দ্র হয়েছে। এখানে মোট ভোটারের সংখ্যা মাত্র ১৯১ জন। সেখানেও মানুষ ভোট দিয়েছেন বলে খবর।
বৃহস্পতিবার সকালে ভোট দেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা, জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং, জিটিএ প্রধান অনীত থাপা, কালিম্পংয়ের বিজেপি প্রার্থী অলেম্পিয়ান ভরত ছেত্রী। সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা দার্জিলিং জেলা গ্রন্থাগারের ভোটকেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, “মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। এটাই দরকার ছিল।” পাহাড় দীর্ঘ সময় ধরেই বিজেপির দখলে। এবারও পাহাড়ে পদ্মফুল ফুটবে বলে বিজেপি নেতারা জোর গলায় দাবি করেছেন।