SIR সংক্রান্ত আবেদন করতে হবে সুপ্রিম কোর্টে, এসওপি মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
ভোটার তালিকা নিয়ে ট্রাইব্যুনালের এসওপি সর্বসমক্ষে প্রকাশ-সহ নানা সমস্যার বিচার বিভাগীয় হস্তক্ষেপের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।
মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। প্রথম দফার ভোটের আগে মাত্র ১৩৬ জনের নাম তালিকায় স্থান পাওয়ায় বাকি আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তার জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা করেন আইনজীবী ঝুমা সেন। এ দিন সেই মামলারই শুনানি ছিল হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।
আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতির বক্তব্য, এসআইআর সংক্রান্ত যাবতীয় আবেদন সুপ্রিম কোর্টে করতে হবে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক দিক থেকে আমরা ট্রাইব্যুনালের বিচারপতিদের নাম দিয়েছি। এসওপি তৈরির জন্য শীর্ষ আদালতের নির্দেশে তিন বিচারপতির কমিটি গড়ে দেওয়া হয়েছে। এর বাইরে কোনও পদক্ষেপ এই কোর্ট করবে না। তাই এই সংক্রান্ত মামলায় বিচার পেতে সুপ্রিম কোর্ট যাওয়ার পরামর্শ দিয়েছে হাই কোর্ট।
আদালতে আবেদনকারী জানান, প্রথম দফার ভোটের আগে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর জেরে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। মামলাকারী শেখ আনোয়ার আলির বক্তব্য, ১৯টি ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। অভিযোগ, কার্যপদ্ধতি অত্যন্ত অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ।