বুথ ছেড়ে ভোটকর্মীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে। বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। সেখানে প্রিসাইডিং অফিসার-সহ সকল ভোটকর্মী মধ্যাহ্নভোজের জন্য একসঙ্গে বুথ ছেড়ে বেরিয়ে যান। অভিযোগ, ‘বুথ থেকে নিরাপত্তাকর্মীরা ফোন করলে বলা হয়, আমরা বাইরে আছি, পরে আসছি।’ বুথের প্রিসাইডিং অফিসার-সহ সদলবলে খেতে যাওয়া ভোটকর্মীদের সাসপেন্ড করে কমিশন।
সেক্টর অফিসারও সেই সময়ে বাইরে ছিলেন বলে অভিযোগ। এই খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের পরেই বুথের প্রিসাইডিং অফিসার-সহ ভোটকর্মীদের সাসপেন্ড করে কমিশন। রিজার্ভ পোলিং পার্টি থেকে আপাতত কাজ চালানোর নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
জানা গিয়েছে, ভোটকর্মীরা লাঞ্চে চলে গেলেও বুথে প্রার্থীদের এজেন্ট ছিলেন। CEO কন্ট্রোল রুমে খবর যেতেই DEO-কে ফোন করেন বিশেষ অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। জানতে চান সবটা। এর পরেই বুথের ভোট কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দেন। নতুন পোলিং পার্টি ওই বুথে পাঠানোর নির্দেশ দেন।