তীব্র গরম, অসুস্থ মহিলা ভোট কর্মী, ভর্তি হাসপাতালে
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, রঘুনাথপুর: তীব্র গরমের জেরে অসুস্থ মহিলা ভোট কর্মী। তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার ১১০ নম্বর বুথে। এদিন আনাড়া গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বুথে ভোট চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা কর্মী। ফাস্ট পোলিং হিসাবে নিয়োগ করা হয়েছিল প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়কে।
আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমান সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা ভোট কর্মী। এই ঘটনায় সেক্টর অফিসার ভারতী নাইডু বলেন, প্রিয়াঙ্কা দেবী হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ফাস্ট পোলিং হিসেবে কাজ করছিলেন। তাঁর জায়গায় অন্য কর্মীকে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ভোটে গ্রহণে কোনো ব্যাঘাত হয়নি।