• কৃষ্ণনগরে জনসভা মোদির, নির্বাচন কমিশনকে জানালেন অভিনন্দন
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আজ, বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বলেন, ভাষণ শুরু করার আগেই আমি দেখছি আমার অনেক বন্ধুরা ভালো ভালো ছবি এঁকে নিয়ে এসেছেন। কেউ কেউ আমার মায়ের ছবিও এঁকেছেন। আমার এসপিজিকে ছবিগুলি দিয়ে দিন। যদি নাম ঠিকানা লেখা থাকে আমি চিঠি লিখবো আপনাদের। 

    এরপর মোদি বলেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু‌। আমার সকল বাঙালি ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট চলছে। তামিলনাড়ুতেও ভোট চলছে। আমি সকল ভোটদাতাদের অভিনন্দন জানাই। সকলকে আমার অনুরোধ, ভোট দেওয়ার নতুন রেকর্ড গড়তে হবে। গণতন্ত্রের উৎসব পালন করতে হবে। এই প্রথম এমন কোনোও নির্বাচন হচ্ছে যেখানে হিংসা কম হয়েছে। এরজন্য নির্বাচন কমিশনকে হৃদয় থেকে অভিনন্দন জানাই। ওনারা বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। নির্বাচন কমিশন তাদের কাজে সফল হয়েছে। সরকারি কর্মীরাও তাঁদের ভালো ভূমিকা ভালোভাবে পালন করেছেন। রেকর্ড ভোটদান হচ্ছে। 

    নদীয়া ভক্তির জমি, শক্তির জমি। কৃষ্ণনগরে আজ মানুষদের মধ্যে উৎসাহ দেখছি। ভয় চলে যাচ্ছে। সবাই এক সুরে কথা বলছেন। একটাই আওয়াজ, পাল্টানো দরকার। কিছুদিন আগে কেরলে ভোট হয়েছে। সেখানেও রেকর্ড ভোট পড়েছে। এর আগে যেখানে যেখানে বেশি ভোট পড়েছে সেখানেই বিজেপি জয়ী হয়েছে। বিজেপি ধ্বজা উড়েছে। আগামী ৪মে বাংলাতেও বিজেপি জয়ী হবে বলে আশাপ্রকাশ করেন মোদি। বলেন, বিজেপিকে মানুষরা সুযোগ দিতে চাইছেন। সবাই বলছেন, ভয় আউট-ভরসা ইন। বন্ধুরা আপনারা জানেন, মোদির কথা মানেই সবকা সাথ, সবকা বিকাশ। সীমান্ত তখন সুরক্ষিত হয় যখন পুলিশ, সাধারণ মানুষ এবং বিএসএফ একসঙ্গে কাজ করে। আগামী ৪ মে-র পর সেটা হবে। ধর্মের কারণে যাঁরা ভারতে এসেছেন তাঁদের সঙ্গে মোদি দাঁড়িয়ে রয়েছে। মোদির গ্যারান্টি মানেই গ্যারান্টির গ্যারান্টি। 

    কৃষ্ণনগরের শিল্পীদের কষ্ট সকলেই জানেন। তারা মাটির পুতুলে প্রাণ দেয়। তাঁদের জন্য পিএম বিশ্বকর্মার মাধ্যমে কাজ করছি। বিজেপি সমৃদ্ধের প্রদেশ বানাতে চায়। সকল কৃষকদের ভরসা দিচ্ছি। তা আমরা স্বচ্ছতার সঙ্গেই পালন করব। ডবল ইঞ্জিন সরকার এলে ডবল গতিতে কাজ হবে।
  • Link to this news (বর্তমান)