মিল্টন সেন: একটা চলতি কথা আছে, 'ভুল মানুষ মাত্রই হয়'। তবে বিজেপি শীর্ষ নেতৃত্বের ভুল বর্তমানে বিশেষ চর্চায়। তাঁরা ইতিমধ্যেই ঋষি মনীষীদের গুলিয়ে ফেলা বা ভুল নামে সম্বোধন করে নজির গড়েছেন। নির্বাচনী সভা থেকে ভুল নামে গেরুয়া নেতাদের ঋষি মনীষীদের সম্বোধন চলতি সময়ে প্রায় 'গা সওয়া' হয়ে গিয়েছে। ভোটারদের সামনে উদাহরণ তুলে ধরতে গিয়েও নানান ভুল সামনে এসেছে। স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিম চন্দ্র চ্যাটার্জিকে কে 'বঙ্কিম দা' বলে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্তব্য স্বামী বিবেকানন্দর সঙ্গে গুলিয়ে হাসির খোরাক হয়েছেন। বৃহস্পতিবার জনসভা থেকে দলীয় প্রার্থীর নামই ভুল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ!
নির্বাচনী প্রচারে হুগলির বলাগড়ের প্রার্থী সুমনা সরকারের সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শুরুতে প্রার্থী সুমনা সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার সময়ই "সুপ্না সরকার" বলে সম্বোধন করেন বিজেপির 'চাণক্য'। স্বাভাবিক কারণেই পাশে দাঁড়িয়ে থাকা প্রার্থীর চোখে মুখে তখন অস্বস্তির ছাপ স্পষ্ট।
রাজনৈতিক মহলের বক্তব্য এটা ইচ্ছাকৃত নয়। নির্বাচন এলেই বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষাভাষী বিজেপি নেতৃত্ব বাংলায় আসেন। সাধারণত হিন্দি বলয়ে তাঁদের আলাপ আলোচনায় পশ্চিমবঙ্গ নিয়ে তেমন একটা চর্চা হয় না। ফলে বাংলার ইতিহাস অনেকেরই অজানা। বাংলায় নির্বাচনের সময় জনসভায় বক্তব্য প্রসঙ্গে বাংলার ঋষি মনীষীদের নাম বা তাঁদের কর্মকাণ্ড বিজেপি নেতাদের অন্যের থেকে জেনে বলতে হয়। ফলে বলার সময় অনেক ক্ষেত্রেই ইতিহাস বা ঋষি মনীষীদের নাম, তাঁদের রচনা বা কর্মকাণ্ড গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক।
তবে একটা কথা ঠিক, ভোট চলে গেলে ওঁরা হয়তো বছর খানেকের জন্য 'আউট অফ সাইট' হন। কিন্তু, তাঁদের এই ভুলভাল মন্তব্য জনগণের হাসির খোরাক হয়ে থেকে যায়।