• সাহসিকতার পুরস্কার, পহেলগাঁও হামলায় নিহত আদিলের পরিবার পেল নয়া বাড়ি
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • ফিরদৌস হাসান, শ্রীনগর: গত বছরের ২২ এপ্রিলের ভয়াবহ সেই দিন। ভূস্বর্গে পর্যটকদের আনন্দঘন মুহূর্ত এক লহমায় বদলে যায় হাড়হিম করা আতঙ্ক ও বিষাদে। সেই আতঙ্কের মুহূর্তেও নিজের প্রাণ বাঁচানোর তাগিদে বৈসরণ উপত্যকা ছেড়ে পালিয়ে যাননি সৈয়দ আদিল শাহ। পেশায় টাট্টু ঘোড়াচালক আদিল নিজের জীবন বাজি রেখে জঙ্গিদের আটকাতে যান। আর তাদেরই ছোঁড়া গুলিতে প্রাণ হারান। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর একবছর পেরিয়ে গিয়েছে। অপারেশন সিন্দুরে সেই সন্ত্রাসের বদলা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আদিলের পরিবার থেকে গিয়েছে আড়ালেই। পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে মঙ্গলবার সেই আদিলের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিল মহারাষ্ট্র সরকার। আইশমুকামের কাছে হাপাতনগরে ওই বাড়ির উদ্বোধনী অনুষ্ঠান ছিল। মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন। মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আদিলের মা-বাবার হাতে নয়া বাড়ির চাবি তুলে দেওয়া হয়। সিন্ধে বলেন, ‘পর্যটকদের বাঁচানোর জন্য আপনাদের ছেলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সাহসিকতারই এটি একটি প্রতীক। এটা কোনো পুরস্কার নয়। এটা আদিলের প্রতি সকলের ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রকৃত মানবতার ছাপ রেখে জঙ্গিদের গুলির নিশানা হয়েছিলেন আদিল। এই সাহসের জন্য ওঁর বাবা-মাকে সেলাম জানাই। এই উপহার হয়তো খুবই ছোটো। কিন্তু এর উদ্দেশ্য অনেক বড়ো।’

    এক বছর আগে পহেলগাঁও কাণ্ডের পরই আদিলের পরিবারকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ও নয়া বাড়ি গড়ে দেওয়ার ঘোষণা করেছিলেন সিন্ধে। সেইমতো ভয়াবহ সেই দিনের বর্ষপূর্তিতেই নয়া বাড়ি পেল আদিলের পরিবার। এব্যাপারে আদিলের বাবা হায়দার শাহ বলেন, ‘একনাথ সিন্ধেকে অজস্র ধন্যবাদ। ’ 
  • Link to this news (বর্তমান)