• মালতীপুরে ওয়ার রুমে রহিমের নজর সব বুথে, ঘুরলেন মৌসম
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: ওয়ার রুমে বসেই দিনভর ভোট পরিচালনা করলেন মালতীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিকে দিনভর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে চষে বেরালেন কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। 

    ভোটের আগের রাতে ভোর সাড়ে তিনটে পর্যন্ত ভোট প্রস্তুতি পর্যালোচনা করেছেন রহিম। এরপর ঘুমিয়ে সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন।  এদিক ওদিক ঘুরে পোলিং এজেন্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সকাল ৭টায় মালতীপুর বিধানসভার দক্ষিণ সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ নম্বর বুথে নিজের ভোট দেন তৃণমূলের মালদহ জেলা সভাপতি তথা মালতীপুরের প্রার্থী। এরপর তিনি আশপাশের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বুথ ঘুরে চলে আসেন মালতীপুর বাজারে নিজের কার্যালয়ে। বাকি কাজ অফিসে বসেই করেন। একের পর এক ফোন করে যান। কোথায় পোলিং কম হল, কোথায় ধীরগতিতে ভোট চলছে, যাবতীয় খোঁজখবর নেন রহিম। দিনভর এভাবেই নিজের কার্যালয়ে বসে ভোট পরিচালনা করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যান মামা এবিএ গনি খান চৌধুরীর মাজারে। সেখানে শ্রদ্ধা জানিয়ে ইংলিশবাজার বিধানসভার কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ নম্বর বুথে ভোট দেন। সঙ্গে ছিলেন দাদা ঈশা খান চৌধুরী। সেখান থেকে গাড়ি নিয়ে সোজা মালতীপুর কেন্দ্রের মহানন্দা হাইস্কুল বুথে যান তিনি। একে একে চষে বেরান মহারাজপুর, গোয়ালপাড়া, জালালপুরের মতো অঞ্চলের সমস্ত বুথ। মহারাজপুর অঞ্চলের সুলতানগঞ্জ হাইস্কুলের ২২১ নম্বর বুথের রাস্তার ধারের জানালা খোলা দেখে ক্ষুব্ধ মৌসম ফোন করে সেক্টর অফিসারকে অভিযোগ করেন। তারপরেই গোয়ালপাড়া পূর্ব-পশ্চিম হাইস্কুলের  ১০৭, ১১০ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে ছুটে যান। ভোটারদের লাইনে দাঁড়িয়ে সমস্যা হচ্ছে কি না, কোথাও বুথে ছাপ্পা, বুথ ক্যাপচারিং, বুথ জ্যাম হচ্ছে কি না, তা ঘুরে দেখেন মৌসম। 
  • Link to this news (বর্তমান)