• শিলিগুড়িতে অঘোষিত ‘বন্‌ধ’
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: হাট, বাজার বন্ধ। যানজট নেই। আবহাওয়াও অনুকূল। তাই বৃহস্পতিবার ছোটখাট গোলমাল হলেও শিলিগুড়ি মহকুমায় নির্বিঘ্নেই ভোটগ্রহণ পর্ব মিটেছে। প্রতি রাউন্ডে প্রদত্ত ভোটের গতি ছিল ঊর্ধ্বমুখী। দিনের শেষে ভোটের হার ৯১ শতাংশেরও বেশি। এনিয়ে বিভিন্ন মহলের বক্তব্য, এসআইআর আতঙ্কের জেরেই ভোটে শামিল হয়েছিলেন ভোটাররা। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিকার বলেন, সকলের সহযোগিতাতেই এখানে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে।

    মহকুমা তো বটেই রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এদিন সকাল থেকেই এখানকার আবহাওয়া ছিল মনোরম। সকালের পর থেকে রোদের দাপট বাড়লেও সঙ্গে ছিল ফুরফুরে হাওয়া। আর শহরের বিধানমার্কেট, হিলকার্ট রোড বাজার, শেঠশ্রীলাল মার্কেট, হংকং মার্কেট, হায়দরপাড়া বাজার, এনজেপি, জংশন বাজার সহ অধিকাংশ হাট-বাজার ছিল বন্ধ। শহরের রাস্তাতেও যানজট ছিল না। তাই অধিকাংশ বুথে সকাল থেকেই ভোটারদের লাইন ছিল। সকালে মক পোলের সময় কোথাও ভোটগ্রহণের  সময়, আবার কোথাও দুপুরে ভোট চলাকালীন ইভিএমে বিভ্রাট হয়। এতে প্রায় ১০টি বুথে ভোটগ্রহণ ব্যাহত হলেও কোনো বিশৃঙ্খলা হয়নি। কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতিসক্রিয় ছিল বলে অভিযোগ।   

    একই রকম ছবি মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে দেখা গিয়েছে। ফাঁসিদেওয়া হাইস্কুলের ১৫৩ নম্বর বুথে ভোট দিতে এসে রোহিণী সিং বিস্ট নামে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। নকশালবাড়ি বিদুভূষণ বিদ্যাপিঠ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে গরমের জেরে লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে পাঠান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

    এর বাইরে ফাঁসিদেওয়ার জুনিয়র বেসিক স্কুলের ১৫৪ নম্বর বুথে মহিলা ভোটার জসিনা খাতুনকে হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগ, তাঁকে বুথ থেকে বের করে দেন বিজেপির বুথ এজেন্ট। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই মহিলার ভোটদানের ব্যবস্থা করা হয়। খড়িবাড়ির জামাতুল্লাজোত প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথে প্রায় তিন ঘণ্টা ইভিএম মেশিন খারাপ থাকায় ভোগান্তির শিকার হন ভোটাররা।

    এর বাইরে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৯২, ৯৩, ৯৪ বুথ মহিলা পরিচালিত পিঙ্ক বুথে উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যায় ভোটারদের। অনেকে সেলফি পয়েন্টে ছবি তোলেন। খড়িবাড়ির হাওদাভিটা প্রাথমিক বিদ্যালয় ৯০ নম্বর বুথে অসুস্থ ভোটারকে সহায়তা করে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান। এদিকে নকশালবাড়ির জাবরা ডিভিশনের শিশু শিক্ষাকেন্দ্রের ১১ নম্বর বুথে উৎসাহের সঙ্গে ভোট দেন চা শ্রমিকরা। তাঁরা বলেন, সমস্যায় জর্জরিত বাগান  চাঙ্গা করতেই ভোট দিয়েছি। অনেকে আবার বলেন, এসআইআরে অনেকের নাম কেটেছে। ভোট না দিলে তালিকা থেকে নাম কাটা যেতে পারে। 

    প্রশাসন সূত্রের খবর, সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি রাউন্ডে প্রদত্ত ভোট বেড়েছে। মহকুমায় প্রদত্ত ভোটের হার ৯১.১৪ শতাংশ। এরমধ্যে ফাঁসিদেওয়ায় সর্বাধিক ৯৩.৬১, মাটিগাড়া-নকশালবাড়িতে ৯১.৬৪ এবং শিলিগুড়িতে ৮৮.১৮ শতাংশ ভোট পড়েছে। এনিয়েই অঙ্ক কষছেন রাজনীতির কারবারিরা। • বন্ধ দোকানপাট। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)