• হাসনে প্রার্থী কাজলকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর!
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, রামপুবহাট : বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে রামপুরহাট ও হাসন কেন্দ্রে এই অভিযোগ ওঠে। যার জেরে প্রার্থীদের দীর্ঘক্ষণ বুথের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

    এদিন সকাল থেকেই হাসন বিধানসভায় ভোট কেমন হচ্ছে সেই ব্যাপারে বুথে ঘুরে ঘুরে খোঁজখবর নিতে থাকেন তৃণমূল প্রার্থী কাজল শেখ। তবে উজিরপুর, শুকরাবাদ ও নওয়াপাড়া বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। ফলে কোথাও দশ মিনিট তো কোথাও কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হয় তৃণমূল প্রার্থীকে। পরে প্রশাসনিক স্তরে ফোন করলে প্রিসাইডিং অফিসার বুথের গেটে গিয়ে প্রার্থীকে বুথে নিয়ে যান। যা নিয়ে ক্ষোভ উগরে দেন কাজল শেখ। তিনি বলেন, প্রার্থীদের অধিকার আছে বুথে ঢোকার। এটা হতে পারে কেন্দ্রীয় বাহিনী কমিশনের সব নির্দেশ না জানতে পারে। কিন্তু প্রিসাইডিং অফিসার তো জানবেন। তিনি তো প্রশিক্ষণ নিয়ে এসেছেন! কেন্দ্রীয় বাহিনী যখন প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন, প্রার্থী ভিতরে আসতে পারে না। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলে আমাকে ঢুকতে দেওয়া হয়। এভাবে হয়রানির জন্য কমিশনের কাছে অভিযোগ জানাব। অন্যদিকে, এদিন রামপুরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা আখিরা গ্রামের বুথে ঢুকতে গেলে একইভাবে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তিনিও প্রশাসনিকস্তরে ফোন করার পর বুথে ঢোকার অনুমতি পান। যদিও ধ্রববাবু এনিয়ে কিছু বলতে চাননি।
  • Link to this news (বর্তমান)