রণক্ষেত্র লাভপুর, ইটের ঘায়ে মাথা ফাটল বিজেপির নির্বাচনি এজেন্ট সহ দুই নেতার, কীর্ণাহারে আক্রান্ত প্রার্থী
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আহমদপুরের ভ্রমরকোল গ্রাম। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলের গাড়ি ভাঙচুর এবং দলীয় পদাধিকারীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটের ঘায়ে মাথা ফেটেছে বিজেপি প্রার্থীর নির্বাচনি এজেন্ট সহ দুই নেতার। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে এলাকায় অশান্তি পাকাতে গিয়েছিলেন বিজেপি নেতারা। বাসিন্দারা প্রতিরোধ করেছেন। বিজেপির পালটা অভিযোগ, ভয় দেখাতে তৃণমূল এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এদিন বিকেলে কীর্ণাহারের ঠিবা পঞ্চায়েতের কাজিপাড়া গ্রামে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। প্রার্থীকে মারধরের চেষ্টা করা হয়। প্রার্থী, তাঁর দেহরক্ষী ও এক পুলিশকর্মী জখম হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলে বিশ্বরূপ ওঝা একটি গাড়িতে করে ভ্রমরকোল এলাকায় ঘুরছিলেন। সঙ্গে ছিলেন ৪নম্বর মণ্ডলের সভাপতি সুদীপ ঘোষ, প্রার্থীর নির্বাচনি এজেন্ট তথা বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, ৬৮নম্বর বুথের সামনে পৌঁছাতেই তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। সেই সময় গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। তাতে গুরুতর জখম হন বিশ্বজিৎ মণ্ডল ও সুদীপ ঘোষ। দু’জনেরই মাথা ফেটে যায়। তাঁদের উদ্ধার করে দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিশ্বরূপকে চিকিৎসার জন্য বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বজিৎবাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
জখম সুদীপ ঘোষ বলেন, তৃণমূলের গুণ্ডাবাহিনী কিছু বুথে ভোটারদের ভয় দেখাচ্ছে বলে খবর পাই। তাই সেইসব বুথে গিয়ে আমরা কর্মীদের আশ্বস্ত করছিলাম। একইভাবে ভ্রমরকোল গ্রামেও যাই। বুথের একশো মিটারের বাইরে থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলাম। সেই সময় হঠাৎ তৃণমূলের গুণ্ডারা আমাদের উপর চড়াও হয়। মেরে মাথা ফাটিয়ে দেয়। জখম বিশ্বজিৎবাবু বলেন, তৃণমূলের গুন্ডারা এই আক্রমণ চালিয়েছে। ভ্রমরকোল গ্রামের ভোট তৃণমূলের বিপক্ষে যাচ্ছে বুঝতে পারে এই আক্রমণ। প্রার্থী দেবাশিসবাবু বলেন, তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে আমার উপর হামলা চালানো হয়েছে।
তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের দাবি, বিশ্বরূপ ওঝা লাভপুরের বাকুল গ্রামের ভোটার। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন প্রার্থী বা তাঁর এজেন্ট ছাড়া অন্য কারোর বুথ এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার কথা নয়। অভিজিৎবাবু বলেন, ‘বিজেপি প্রার্থীর ছেলে দলবল নিয়ে বাইরে থেকে এলাকায় অশান্তি পাকাতে এসেছিলেন। স্থানীয় সাধারণ মানুষ তাঁকে দেখে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূলের দাবি, বহিরাগতদের নিয়ে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল বিজেপি।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে গ্রামে। এই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, অশান্তি পাকানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার