• ভোটপর্ব মিটলেই গরমের ছুটি, সামার হলিডে ডেস্টিনেশন বুকিংয়ের হিড়িক
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটপর্বের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে উষ্ণ হতে শুরু করেছে রাজ্যের আবহাওয়াও। ঊর্ধ্বমুখী পারদকে সঙ্গী করেই চূড়ান্ত ব্যস্ত ভোটমুখী বাংলা। নির্বাচন সেরে নতুন সরকার গঠিত হয়ে যাবে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে। তার ঠিক পরপরই স্কুল-কলেজে চালু হবে গ্রীষ্মের ছুটি। ফলে এই নির্বাচনি উত্তাপের মধ্যেই জোর কদমে চলছে ভ্রমণপ্রিয় বাঙালির হলিডে ডেস্টিনেশন বুকিং। 

    বিভিন্ন ট্যুর আয়োজনকারীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও বাঙালির সবসময়ের প্রিয় দিঘা, পুরী, দার্জিলিং তো রয়েইছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার ঝোঁক। বহু মানুষই ‘সামার স্পেশাল ডেস্টিনেশন’ হিসাবে বেছে নিচ্ছে হৃষীকেশ, মুসৌরি, নৈনিতাল, সিমলা, কুলু, স্পিতি ভ্যালি এবং মানালিকে। দার্জিলিংয়ের পাশাপাশি সিকিমকেও বেছে নিচ্ছেন অনেকে। ফলে উত্তরবঙ্গসহ এই সমস্ত জায়গার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছেছে। ভোটপর্বের ব্যস্ততার মধ্যেও ট্রেনের টিকিট আগেভাগে কেটে রাখতে ভুল করেনি ভ্রমণপ্রিয় বাঙালি। ফলে যাঁরা দেরি করে ফেলেছেন তাঁদের ক্ষেত্রে পাহাড়প্রমাণ ওয়েটিং লিস্ট পেরিয়ে পছন্দের ডেস্টিনেশনে পৌঁছতে ট্রেনের বুকিং পাওয়াই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ!ভোট প্রক্রিয়ায় যুক্ত এক সরকারি কর্মী জানান, এসআইআর চলতে চলতেই ভোট নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। ফলে নিশ্বাস ফেলার সময় পাননি। কিন্তু, গরমের ছুটিতে পরিবার নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়াই যে এখন রীতি। বাড়ির লোকজনও সেই আশায় থাকে। ফলে ব্যস্ততার মধ্যেই নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের টিকিট কেটে রেখেছি। ২১ মে রওনা দেব। ভোট মিটলেই ঠিক করব দার্জিলিং নাকি সিকিম যাব!

    বিএলও হিসাবে কর্মরত এক স্কুলশিক্ষিকা বলেন, এসআইআর এবং ভোট নিয়ে যা ঝক্কি পোহাতে হল! গরমের ছুটি পড়লেই পাহাড়ে যাব। প্রতিবার নিজে ঘুরতে যাওয়ার খুঁটিনাটি ঠিক করি। কিন্তু এবার এত চাপের মধ্যে এটা করা সম্ভব ছিল না। এবার সিমলা যাব। অগত্যা ট্যুর এজেন্সির সাহায্য নিতে হয়েছে। ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রবীর সিংহ রায়ও জানান, আমরা ভেবেছিলাম ভোটের ব্যস্ততার কারণে একটু দেরি করে বুকিংয়ের ঝোঁক বাড়বে। কিন্তু, এখন সবকিছুই অনলাইনে হয় বলে ভোটের উত্তাপ থাকা সত্ত্বেও সামার ডেস্টিনেশন বুকিংয়ে ভাটা পড়েনি। অনেকেই বলেছেন, ট্যুর প্ল্যান থেকে শুরু করে সবটাই আমাদের করে দিতে।
  • Link to this news (বর্তমান)