বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বাংলায়। আর তার আগেই দেগঙ্গায় ISF-এর নেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বোমা পাওয়া গিয়েছে দেগঙ্গা- ২ অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা থানার গোবর্ধনপুর এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার সকালে বাড়ির দরজা খুলে দু’টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন হাবিবুরের বাড়ির লোকজন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ISF-এর স্থানীয় কর্মীদের অভিযোগ, এর আগেও গ্রামের ISF-এর একাধিক কর্মীর বাড়ির দরজায় কিংবা ছাদের বোমা রাখা হয়েছিল। তাঁদের আরও দাবি, বিরোধী দলের সদস্য বলেই ISF কর্মীদের বাড়ির সামনে বোমা রেখে যাচ্ছে তৃণমূলের স্থানীয় কর্মীরা।
দেগঙ্গার ISF-এর সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরে আমি খেয়ে শুয়ে পড়ি। আজ সকালে উঠে কাজে যাওয়ার আগে দেখি বাড়ির সামনে দু’টো তাজা বোমা পড়ে রয়েছে।’ হাবিবুরের অভিযোগের তির তৃণমূলের দিকেই। তাঁর দাবি, ISF-এর সদস্য বলেই তাঁর এবং এলাকার অন্যান্য ISF কর্মীদের বাড়ির সামনে বোমা রেখে যাচ্ছে তৃণমূল। এই বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হাবিবুর। ঘটনার তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ।
যদিও, হাবিবুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিজানুর হোসেন মুকুল বলেন, ‘এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। এই অঞ্চলে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। ISF কর্মীরা নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোমা রেখে তৃণমূলকে দোষারোপ করছে। পুলিশ তদন্ত করলেই সত্য প্রকাশ্যে আসবে।’