• BJP-র প্রচারের ই-রিকশাতে হামলার অভিযোগ, ছিঁড়ল ফ্লেক্স-ব্যানার, প্রধানমন্ত্রীর সভার আগে তুমুল উত্তেজনা বারুইপুরে
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৬
  • বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। দু’দফার নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে বৃহস্পতিবারই। আগামী ২৯ এপ্রিল, শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। আর তার ঠিক সপ্তাহখানেক আগেই, আজ, শুক্রবার প্রচারের জন্য বারুইপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারুইপুর পশ্চিম কেন্দ্রের টংতলায় ‘হাই ভোল্টেজ’ এই সভার আগেই ছড়াল উত্তেজনা। BJP-র প্রচারের জন্য ব্যবহৃত ই-রিকশাতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, BJP-র এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

    BJP-র অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার আগে বৃহস্পতিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করা হচ্ছিল। স্থানীয় অজয় হালদার নামে এক ই-রিকশা চালকের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রচার করছিলেন BJP-র স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, সেই সময়েই কল্যাণপুরের চাকারবেড়িয়া এলাকার কাছে ওই চালককে প্রচার করতে বারণ করে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা। অজয়কে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। প্রচারে ব্যবহৃত ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ।

    খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পশ্চিম কেন্দ্রের BJP প্রার্থী বিশ্বজিৎ পাল। তিনি বলেন, ‘এই কেন্দ্রের বিধায়কের কোনও জনভিত্তি নেই, জনসম্পর্ক নেই। তিনি অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন।’ তাঁর আরও দাবি, ‘যারা এই কাজ করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করবে BJP।’ এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন BJP প্রার্থী। 

    যদিও, BJP-র এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পুরকাইত বলেন, ‘এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত নয়। নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকতে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপানো হচ্ছে। পুলিশ তদন্ত করলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে।’

  • Link to this news (এই সময়)