হিংসা নয়, প্রথম দফায় গরমেই মৃত্যু ৭ ভোটারের, খেল দেখাল নির্মম আবহাওয়া
আজ তক | ২৪ এপ্রিল ২০২৬
কার্যত হিংসামুক্তই হয়েছে বাংলার প্রথম দফা নির্বাচন। তবে রক্তপাতহীন পশ্চিমবঙ্গ নির্বাচনের দিন গরমের বলি হলেন ৭ জন। তাপপ্রবাহ যে এমন প্রাণঘাতী রূপ নেবে, তা হয়তো ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভাবতে পারেনি কেউই। বৃহস্পতিবার বাঁকুড়া, মেদিনীপুর সহ রাজ্যের ৬ জেলায় অন্তত ৭ জন ভোটারের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেউ ভোট দিতে যাওয়ার সময়ে তো কেউ আঙুলে কালি লাগিয়ে ফেরার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে ভোটের উত্তাপ যেমন ছিল, তেমনই জেলায় জেলায় মারাত্মক তাপপ্রবাহও ছিল। বেলা যত গড়িয়েছে, রোদের তাপ ততই বেড়েছে। বাঁকুড়া জেলায় দুপুরের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছিল। এর সঙ্গে আর্দ্রতা কমে দাঁড়ায় মাত্র ৩০ শতাংশে। প্রাণঘাতী শুষ্ক গরমে বাঁকুড়ার জয়পুর এলাকার প্রবীণ ভোটার কাশেম চৌধুরী বুথে ভোট দিতে যাওয়ার সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গ্রামবাসীদের একাংশের আবার অভিযোগ কাশেমকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর কাছে গাড়ি চাওয়া হলেও তারা কোনও সাহায্য করেনি। শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্স জোগাড় হওয়ার আগেই বুথের বাইরে মৃত্যু হয় তাঁর।
একই ভাবে গরমের বলি হয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের দুলাল ওঁরাও, বীরভূমের সিউড়ির বাসিন্দা অসীম রায়, মালদার মালতীপুরের প্রমিদা বাগদি, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৃপেন্দ্র দাস এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ইসরাতন বিবি ও শেখ বাবলু।
বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছিল। হাওয়া অফিসের তথ্য বলছে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে। যেখান থেকে ওড়িশার উত্তর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এৎ জেরে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, আবার পশ্চিম দিক থেকে আসছে শুকনো বাতাস। এই শুষ্ক তাপ ও চরম আর্দ্রতার কারণেই অসহনীয় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরেই এই মৃত্যু বলে মনে করছেন অধিকাংশ আবহাওয়াবিদ।
এই পরিস্থিতি থেকে মুক্তি কবে মিলবে, তা সকলেই জানতে আগ্রহী। শুক্র ও শনিবারও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী রবিবার এবং সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
আবার দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে প্রথম দফার মতো দ্বিতীয় দফায় গরম সহ্য করতে হবে না ভোটারদের।