• দুষ্কৃতীদের সঙ্গে আঁতাঁত! দ্বিতীয় দফা ভোটের আগে হিঙ্গলগঞ্জের ওসিকে সাসপেন্ড করল কমিশন
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৬
  • বঙ্গে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। রেকর্ড প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে এই দফায়। আগামী ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় ও শেষ দফার ভোট রাজ্যের বাকি ১৪২ টি আসনে। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম দফার মতো বেশ কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দুষ্কৃতীদের সঙ্গে আঁতাঁত, রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ ওঠায় এবার হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হল। আজ, শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁকে দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তিনি সাসপেনশনে থাকবেন। বৃহস্পতিবার গভীর রাতে কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।

    হিঙ্গলগঞ্জ থানার ওসির দায়িত্বে ছিলেন সন্দীপ সরকার। তাঁর বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য, স্থানীয় অসাধু চক্র এবং রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাত এবং ভোট আবহে সমস্ত রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া। এসব নিয়ে কমিশনে গত ২১ তারিখ দীর্ঘ রিপোর্ট জমা পড়েছিল। তার ভিত্তিতেই ২৩ তারিখ রাতে কমিশন পদক্ষেপ করে। নোটিস পাঠিয়ে জানানো হয়, অবিলম্বে হিঙ্গলগঞ্জ থানার ওসির পদ থেকে সরে যেতে হবে সন্দীপ সরকারকে। এবং তাঁর অনুপস্থিতিতে ওসির দায়িত্ব সামলাতে পারবেন, এমন একজন পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতেও বলা হয়েছে তাঁকে।

    ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে হিঙ্গলগঞ্জ অন্যতম হটস্পট। এখানকার বিজেপি প্রার্থী সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে লড়ছেন ভূমিকন্যা তৃণমূলের প্রার্থী ঝরণা সর্দার। জমজমাট লড়াই হতে চলেছে। এছাড়া বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা হওয়ায় হিঙ্গলগঞ্জের নজরদারিও বেশি। এখানকার আইনশৃঙ্খলায় বাড়তি কড়াকড়ি। সবমিলিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে যাতে এখানে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত না হয়, তার জন্যই তড়িঘড়ি ওসিকে সাসপেন্ড করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পথে হাঁটল কমিশন।
  • Link to this news (প্রতিদিন)