• ক্লাবজোটের কাছে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরল জিনিয়াস, গরহাজির মোহন বাগানের প্রতিনিধি
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটস কার হাতে থাকবে? ইতিমধ্যেই জিনিয়াস স্পোর্টসের সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু ক্লাবজোটের একটা অংশ মোটেও খুশি নয়। অবস্থান স্পষ্ট করতেই বৃহস্পতিবার জিনিয়াস প্রতিনিধির সঙ্গে ক্লাব জোটের বৈঠকের বন্দোবস্ত করেছিল ফেডারেশন। সূত্রের খবর, ঝকঝকে উপস্থাপনার মাধ্যমে ভারতীয় ফুটবল নিয়ে তাদের রূপরেখা তুলে ধরেছে জিনিয়াস। ক্লাব জোটের বেশিরভাগ কর্তাই ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন। তবে কলকাতার ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং উপস্থিত থাকলেও মোহন বাগানের কোনও প্রতিনিধি অংশ নেননি।

    বৈঠকের ফল কী? রেভিনিউ শেয়ার নিয়ে দ্বিধায় রয়েছে ক্লাবজোট। অর্থাৎ জিনিয়াসের কাছে স্বত্ব থাকলে ক্লাবের কোষাগারে কত অর্থ থাকবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। লিখিত আকারে যাবতীয় প্রশ্ন পাঠাতে বলা হয়েছে জোটকে। নিজেদের মধ্যে ইতিমধ্যেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছে ক্লাব জোট কর্তারা। চুঁইয়ে আসা খবর, হোমওয়ার্ক করেই ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে তৈরি জিনিয়াস। ঝাঁ চকচকে সম্প্রচার ছাড়াও প্রযুক্তিগত উন্নতির আশ্বাস দেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গল শীষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। আমরা আশাবাদী, ভবিষ্যতে ভারতীয় ফুটবল আর্থিকভাবে আরও সমৃদ্ধ হবে।’ নর্থ ইস্ট, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি’র সিইও রীতিমতো উৎসাহিত। আসলে গত ডিসেম্বরে এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে ফেডারেশনের হাতে কোনও কমার্শিয়াল পার্টনার নেই। তাই চলতি মরশুমের আইএসএল নিয়েও চরম ডামাডোল তৈরি হয়। শেষ পর্যন্ত জটিলতা কাটিয়ে বল গড়ালেও পরিবর্তন এসেছে ফরম্যাটে। সংক্ষিপ্ত ফরম্যাটে লিগ হচ্ছে মাত্রা ১৩ রাউন্ডের। নতুন কমার্শিয়াল পার্টনার খুঁজতেই দরপত্র আহ্বান করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। যাবতীয় শর্ত পূরণের পর টেন্ডার জমা দিয়েছে জিনিয়াস ও ফ্যানকোড। কিন্তু জিনিয়াসের অফার অনেক লোভনীয়। ২০ বছরে ২ হাজার কোটি টাকার লগ্নিতে আগ্রহী তারা। খড়কুটোর মতো মতো জিনিয়াসকে আঁকড়ে ধরতে চাইছে ফেডারেশন। সচিব সত্যনারায়ণ বললেন, ‘আলোচনা ইতিবাচক। জিনিয়াস এলে লিগের সঙ্গে যুক্ত সবাই আর্থিকভাবে লাভবানই হবে।’
  • Link to this news (বর্তমান)