• 'গুন গুন করে মহুয়া'য় সন্ধ্যা রায়, গুরুর চরিত্রে কোন অভিনেত্রী?
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • বাংলা সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তাঁর জীবনে একজন নারীর অবদান ছিল অনস্বীকার্য। তিনি মহুয়ার মেন্টর বললেও অত্যুক্তি হয় না। তিনি অভিনেত্রী সন্ধ্যা রায়। বড়পর্দায় আসছে মহুয়া রায়ের জীবনীচিত্র। সেখানে সন্ধ্যা রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে৷

    মহুয়ার জীবনীচিত্রে সন্ধ্যা রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র৷ অভিনেত্রী হিসাবে মহুয়ার প্রতিভা লক্ষ্য করেছিলেন সন্ধ্যা রায়। মহুয়াকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার নেপথ্যে ছিলেন সন্ধ্যা রায়৷

    মহুয়া রায়চৌধুরীর স্মৃতিচারণা প্রসঙ্গে সন্ধ্যা রায় জানিয়েছিলেন, মাত্র তেরো বছর বয়সে মহুয়া এসেছিলেন তাঁর কাছে৷ নাচ শেখেননি অথচ মহুয়ার অসাধারণ নৃত্যশৈলীতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তরুণ মজুমদার এবং সন্ধ্যা রায়৷ 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবিতে স্ক্রিন টেস্টের জন্য ছোট্ট মহুয়াকে নিজে হাতে শাড়ি পরিয়ে দিয়েছিলেন সন্ধ্যা রায়৷ তরুণ মজুমদার বলেছিলেন, 'মেয়েটিকে তোমার হাতে দিলাম, তুমি ওকে তৈরি করে নাও'। সেখান থেকেই মহুয়া রায়চৌধুরীকে গড়ে তোলার গুরুদায়িত্ব নিয়েছিলেন সন্ধ্যা রায়৷

    সংলাপ কীভাবে বলতে হয়, অব্যক্ত অনুভূতিতে অভিনয় কীভাবে করতে হয়, ক্যামেরার সামনে সাবলীল কীভাবে থাকতে হয়, নবাগতা মহুয়াকে হাতে ধরে শিখিয়েছিলেন সন্ধ্যা রায়৷ তরুণ মজুমদারের সঙ্গে আলাপ মহুয়ার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। স্বল্প অভিনয়জীবনেও বিপুল জনপ্রিয়তা, অজস্র অভিনয় এসবই সম্ভব হয়েছিল সন্ধ্যা রায়ের স্নেহধন্য হওয়ার সুবাদে৷ 'শ্রীমান পৃথ্বীরাজ' মহুয়াকে খ্যাতি এবং প্রতিষ্ঠা দুই দিয়েছিল৷ কেবল পেশাগত দক্ষতা গড়ে তোলা নয়, ব্যক্তিগত জীবনের ওঠাপড়ায় সন্ধ্যা রায় ছিলেন মহুয়ার ভরসা আশ্রয়৷

    মাত্র ২৬ বছর বয়সে প্র‍য়াত হন মহুয়া রায়চৌধুরী৷ নামের মতোই তাঁর অভিনয়ের আকর্ষণ ছিল নেশার মতো। সুন্দরী, অসামান্য অভিনেত্রীর জীবনে ছিল ধোঁয়াশা। আত্মহত্যা নাকি খুন চার দশক পরেও মহুয়ার মৃত্যুরহস্য নিয়ে কৌতূহল বাঙালির মনে৷ সেই উত্তর খুঁজতেই আসছে মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্র 'গুনগুন করে মহুয়া'৷ মহুয়ার চরিত্রে দেখা যাবে বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী' খ্যাত অঙ্কিতা মল্লিককে৷

    প্রযোজক রাণা সরকার মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্র প্রসঙ্গে বলেছিলেন, "কেউ স্বীকার করুন বা না করুন, মহুয়ার জীবন যথেষ্ট বড় মাপের। ততটাই বড় তাঁর অভিনয় প্রতিভা। মানুষ মহুয়াই বা কেমন ছিলেন? বাংলা বিনোদন দুনিয়ায় তাঁর প্রভাব কিছুতেই অস্বীকার করা যায় না। সে সব কথা এই প্রজন্ম জানবে না?’’ সেই তাড়না থেকেই তিনি এই ছবির প্রযোজক। এই ছবির প্রযোজনার দায়িত্বে দাগ ক্রিয়েটিভ মিডিয়া (DCM Film and Entertainment Production)।

    এই ছবিতে ব্যক্তি মহুয়া এবং অভিনেত্রী মহুয়া— দু’জনকেই সমান ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে৷ তবে, কোনও ভাবেই এটি যেন তথ্যচিত্র না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখছেন নির্মাতারা৷ 'গুনগুন করে মহুয়া'য় গান গাইবেন দেবলীনা নন্দী। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। তবে শুধু গান নয়, সূত্রের খবর, মহুয়া রায়চৌধুরীর দিদির চরিত্রে দেখা যাবে দেবলীনাকে।
  • Link to this news (আজকাল)