মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বাংলায় ভোটের প্রচারে আসছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আপ নেতৃত্ব সূত্রে খবর, আগামী ২৬ এবং ২৭ এপ্রিল ভবানীপুর কেন্দ্রে প্রচার করার কথা তাঁর। তৃণমূলের আমন্ত্রণেই কলকাতায় এসে প্রচার করবেন কেজরি।
বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট ছিল। তার আগে বুধবারই মমতার সঙ্গে ফোনে কথা বলেছিলেন কেজরি। পরে সে কথা তিনি নিজেই সমাজমাধ্যমে জানান। আপ প্রধান লিখেছিলেন, ‘এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। সম্পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছি। উনি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির একটি। নির্বাচন কমিশন-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদীজি হারবেন।’
ফোনালাপের পরেই কেজরির বঙ্গসফরের বিষয়টি সামনে এসেছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রাজ্যে। এই দফায় ভবানীপুুরে ভোট। সেখানে মুখ্যমন্ত্রী মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের একটি সূত্রে খবর, দু’দিনের বঙ্গসফরে একাধিক জনসভা এবং প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেজরির।