• বিধিনিষেধের গেরো কাটল, খুলছে রাজ্যের সমস্ত মদের দোকান ও বার, স্বস্তিতে সুরাপ্রেমীরা
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৬
  • ভোটের জন্য (West Bengal Assembly election 2026) মদের দোকান (Liquor Shop) বন্ধ ছিল। সুরাপ্রেমীদের মন আনচান। কিছুই যেন ভালো লাগছিল না। তবে প্রথম দফার ভোট মিটতেই আজ, শুক্রবার বেলা ১১টা থেকে ফের খুলছে সমস্ত মদের দোকান। জানা গিয়েছে, এ দিন থেকেই রাজ্যের সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান এবং বার খোলা থাকবে। তবে এই স্বস্তি সাময়িক। দ্বিতীয় দফার ভোটের জন্য ফের ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হয়ে যাবে সব মদের দোকান এবং বার।

    প্রথম নির্দেশিকা জারি হয়েছিল ১৯ এপ্রিল। তাতে প্রথম দফার ভোটের আগে ২১ এপ্রিল থেকেই রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিল আবগারি দপ্তর। একেবারে ২৩ এপ্রিল পর্যন্ত লাগু করা হয়েছিল এই নির্দেশিকা। শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। মন খারাপ হয়ে গিয়েছিল সুরাপ্রেমীদের।

    প্রথম দফায় ১৬টি জেলায় ভোট হলেও পুরো রাজ্যেই এই নির্দেশিকা জারি হওয়ায় শোরগোল পড়ে যায়। তবে এই নিয়ে প্রশ্ন করা হলে বিস্ময়ের সুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছিলেন, ‘আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেন কলকাতায় মদের দোকান বন্ধ করা হলো, আবগারি কমিশনের কাছে জানতে চাইব।’

    তাছাড়া ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হতো এতদিন। এ বারে তা বাড়িয়ে কেন ৯৬ ঘণ্টা করা হলো, সেই প্রশ্ন তুলছিলেন অনেকে। তবে এ বার স্বস্তি মিলতে চলছে। শুক্রবার বেলা ১১টা থেকে আবার খুলছে রাজ্যের সমস্ত মদের দোকান। ইতিমধ্যেই দোকানের সামনে ভিড় জমিয়েছেন সুরাপ্রেমীরা। রীতিমতো লাইন পড়ে গিয়েছে। তাঁদের যেন আর তর সইছে না।

    তবে এই স্বস্তি মাত্র আড়াই দিনের জন্য। দ্বিতীয় দফার নির্বাচন হবে ২৯ এপ্রিল। তার আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ফের সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছে আবগারি দপ্তর।

    এ দিন মদের দোকান খোলায় খুশি সুরাপ্রেমীরা। ফের কেনাকেটা চালু হওয়ার খবরে স্বস্তিতে দোকানিরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন, ‘৪৮ ঘণ্টার উপরে দোকান বন্ধ ছিল। রোজগারপাতি কিছু হয়নি। এ দিন থেকে ফের খুলছে। একটু সুরাহা হবে।’ আবার যেহেতু বন্ধ হবে তাই আগে ভাগেই মদ কিনে রাখার ইচ্ছার কথা জানালেন সুরাপ্রেমীদের অনেকেই।

  • Link to this news (এই সময়)