আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফা ভোটের ৬ দিন আগে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ওসি সন্দীপ সরকারকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এই নির্দেশ তা স্পষ্ট নয় এখনও। যদিও কমিশন সূত্রে খবর, কর্তব্যে গাফিলতির জন্যই সাসপেন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই কমিশনের তরফে হিঙ্গলগঞ্জ থানার ওসি–কে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করা হয়েছিল। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ করতে বলা হয়েছে। তাঁর জায়গায় অবিলম্বে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, শুধু সাসপেনশন নয়, সন্দীপের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার হিঙ্গলগঞ্জে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর এই নির্বাচনী প্রচারের আগে হিঙ্গলগঞ্জের থানার ওসি–কে সরিয়ে দিল কমিশন।
প্রসঙ্গত, রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল। সেদিন হিঙ্গলগঞ্জেও ভোট রয়েছে। তার আগেই সন্দীপকে সাসপেন্ড করার ঘটনায় শোরগোল পড়েছে। হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তিনি সাসপেনশনে থাকবেন। তাঁর অনুপস্থিতিতে ওসির দায়িত্ব সামলাতে পারবেন, এমন একজন পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতেও বলা হয়েছে তাঁকে।
এদিকে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ঝর্ণা সর্দার। এটা ঘটনা, গত ১৫ মার্চ নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আমলা এবং আইপিএস পদে একাধিক বদল করেছে কমিশন। এখনও তা অব্যাহত রয়েছে।