প্রথম দফাতেই ১১০! সারা রাত বিশ্লেষণের পর শাহি দাবি
আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। গড় ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি। এত বিপুল পরিমাণ ভোট পড়ায় আশাবাদী শাসক–বিরোধী দুই শিবিরই।
১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সকালে নিউটাউনের এক হোটেলে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরুতেই তিনি বলেন, ‘বাংলার জনতার মধ্যে অভূতপূর্ব উৎসাহ দেখা গিয়েছে। এই উৎসাহ পরিবর্তন আনার জন্য। এরকম শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় আগে হয়নি। প্রথম দফায় যেভাবে ভোট দিয়েছে বাংলার মানুষ সকলকে অভিনন্দন। আপনারা ভয় থেকে ভরসাকে বেছে নিয়েছেন। দ্বিতীয় দফাতেও একই ধারা অব্যাহত থাকবে। এবারে বাংলার নির্বাচনে একটাও মৃত্যু হয়নি।’ শাহর দাবি, ‘প্রথম দফায় ১৫২ এর মধ্যে ১১০ এর বেশি সিটে জিতবে বিজেপি।’
শাহর আরও দাবি, ‘জনসমর্থন পোলিং বুথে যাওয়া নিয়ে একটা আশঙ্কা ছিল। কিন্তু সেটা বৃহস্পতিবার বদলে গেছে। ৫ মে’র পর অঙ্গ–বঙ্গ–কলিঙ্গ–তে বিজেপি শাসন হবে।’ শাহর দাবি, ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলায় সিন্ডিকেট রাজ বন্ধ হবে। নারীদের সুরক্ষা দেওয়া আমাদের প্রথম লক্ষ্য। ৫ তারিখের পর মহিলারা রাত একটার সময়ও স্কুটি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন। কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাবে না। আরজি করের মতো ঘটনা ঘটবে না।’
শাহ আরও দাবি করেন, ‘দুর্নীতিমুক্ত সরকার হবে আমদের। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে একটা শ্বেতপত্র প্রকাশ করব। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত করা হবে। পরিবর্তন মানে মুখ্যমন্ত্রী বানানো না। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা বানানো। তার ব্যবস্থা করা হবে।’ শাহ আরও বলেন, ‘সিন্ডিকেট রাজ বন্ধ করে শিল্পপতিদের রেড কার্পেটে স্বাগত জানানো হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে রোড শো করেছেন শাহ। যা নিয়ে তিনি বলেন, ‘অভূতপূর্ব সাড়া পেলাম। অন্যতম সেরা রোড শো হয়েছে।’
শাহ বলেছেন, ‘এখানে প্রতিষ্ঠানবিরোধিতা চূড়ান্ত পর্যায়ে। আগেও ছিল। কিন্তু ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। এবারের ভোটে পুলিশ, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ভাল বন্দোবস্ত করেছে। ভয়মুক্ত পরিবেশ রয়েছে। তাই আমাদের বিশ্বাস, পরিণাম আমাদের পক্ষে আসবে।’
মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতাকে কটাক্ষ করে শাহ বলেছেন, ‘কেউ গঙ্গায় নৌকাভ্রমণ করলে কেন আপত্তি? ঝালমুড়ি তো মমতা ব্যানার্জিও খান। মোদিজি খেলে আপত্তি কিসের?’ মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শাহ বলেন, ‘৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’ শাহর কথায়, মানুষ যেমন ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন। তেমনই তিনি দাবি করেছেন, ‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে। সারা রাত ধরে বিশ্লেষণ করেছি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব।’
এদিকে, শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় শাহ লেখেন, ‘বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, সকল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।’