• ইভিএম ‘ক্লোজ’ না করে বন্ধ, রায়গঞ্জে ভোট অনিশ্চিত
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাটমনি শঙ্করপুর এফপি স্কুলের ১৫ নম্বর বুথে ভোটগ্রহণ পরেই একটি গুরুতর ত্রুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত নিয়ম মেনে ইভিএম ‘ক্লোজ’ না করে সেটি সরাসরি ‘সুইচ অফ’ করে দেন প্রিসাইডিং অফিসার। পরে মেশিনটি পুনরায় চালু করতে গেলে ‘ডেটা এরর’ দেখাতে শুরু করে, যার ফলে ওই বুথে মোট কত ভোট পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ। প্রিসাইডিং অফিসার সুভাষচন্দ্র মাহাতো নিজেই এই ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সারাদিনের কাজের চাপ ও গরমে ক্লান্ত হয়ে তিনি ভুলবশত ক্লোজ বাটন না টিপে সরাসরি মেশিন বন্ধ করে দেন। যদিও তিনি দাবি করেছেন, পোলিং এজেন্টদের সামনে ভোটের হিসাব দেখানো হয়েছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করা হয়েছে।

    এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বুথের ভিতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে তাঁর উপস্থিতিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং ‘চোর’ স্লোগান তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি এলাকা ত্যাগ করেন। বাসিন্দাদের একাংশ প্রশ্ন তোলেন, পোলিং এজেন্ট উপস্থিত থাকা সত্ত্বেও কেন প্রার্থী বুথে প্রবেশ করলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সেক্টর অফিসার। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    কৃষ্ণ কল্যাণী জানান, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাঁর দাবি, সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়ার পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে ভিভিপ্যাট কাউন্টিং করা হবে। যদিও পুনরায় ভোটগ্রহণের দাবি উঠলেও, ভিভিপ্যাট গণনায় তাঁরা সন্তুষ্ট থাকবেন বলেও জানান তিনি।

    জানা গিয়েছে, ওই বুথে মোট ১১১৪টি ভোট পড়েছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই তথ্য সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।
  • Link to this news (আজকাল)