আজকাল ওয়েবডেস্ক: ভোটের জন্য সোমবার বিকেলের দিকে হয়েছিল বন্ধ। ফের রাজ্যে মদের দোকান খুলল শুক্রবার সকাল ১১টা নাগাদ। আর দোকান খুলতে না খুলতেই কলকাতা সহ বাকি জেলায় জেলায় মদের দোকানগুলিতে উপচে পড়া ভিড় চোখে পড়ল।
কলকাতা থেকে জলপাইগুড়ি, বারাসত থেকে বেহালা–জায়গায় জায়গায় মদের দোকান খুলতেই সুরাপ্রেমীদের ভিড়। একেকজন একটি কিংবা দুটি ব্যাগ নিয়ে হাজির কাউন্টারের সামনে। জলপাইগুড়িতে যেমন দোকান খুলতেই কার্টুন কার্টুন মদ কিনতে দেখা গেল ক্রেতাদের। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন মদের দোকানগুলোয় কাস্টমারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রায় চার দিনের আবগারি ‘লকডাউনের’ পর কলকাতার বিভিন্ন মদের দোকানগুলিতেও মানুষের লাইন ছিল চোখে পড়ার মতো। আবগারি দপ্তর সূত্রে খবর, ২৫ এপ্রিল সন্ধে ৬টা অবধি গোটা রাজ্যে মদের দোকান খোলা থাকবে। তারপর ফের বন্ধ হয়ে যাবে।
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার ভোট। খবর অনুযায়ী, ২৫ তারিখ সন্ধে ৬টা থেকে ২৯ এপ্রিল অবধি রাজ্যে ফের মদের দোকান বন্ধ থাকবে। তারপর দোকান খুলবে। আবার বন্ধ থাকবে ৪ মে ভোট গণনার দিন। এই লম্বা বিরতির জন্যই শুক্রবার সকাল ১১টায় দোকান খুলতেই মদের দোকানে ভিড় উপচে পড়ল।
এদিকে, দুর্গাপুরের কাঁকসা ও সিটি সেন্টার এলাকাযতেও চোখে পড়েছে দীর্ঘ লাইন। একই চিত্র দেখা গেছে কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। নিষেধাজ্ঞা উঠতেই দোকান খোলার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ঢল।