সেবাই পরম ধর্ম! ভারতীয় সেনা নার্সিংয়ে যোগদান ৩০ জনের
আজকাল | ২৪ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: শৃঙ্খলা, মানবিকতা এবং গৌরবের এক অনন্য মেলবন্ধন দেখা গেল কমান্ড হাসপাতালে। আলিপুরের ইস্টার্ন কমান্ডের কলেজ অফ নার্সিংয়ের আয়োজিত হল বিএসসি নার্সিং দ্বাদশ ব্যাচের কমিশনিং অনুষ্ঠান। সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩০ জন নার্সিং ক্যাডেট ভারতীয় সামরিক নার্সিং পরিষেবায় যোগ দিলেন। আধিকারিক হিসাবে নয়া দায়িত্ব গ্রহণ করেন নার্সরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড হাসপাতাল (ইস্টার্ন কমান্ড)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সঞ্জয় মৌর্য, ভিএসএম। রিভিউয়িং অফিসার হিসেবে যোগদান করে অনুষ্ঠানে তিনি এক অন্য মর্যাদা যোগ দেন। ব্রিগেডিয়ার সুষ্মা থমাস, ভিএসএম, প্রিন্সিপাল ম্যাট্রন, নবনিযুক্ত অফিসারদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠের মাধ্যমেই শুরু হয় তাঁদের নতুন পথচলা। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নেতৃত্ব দেন কলেজের প্রিন্সিপাল কর্নেল জীবা জর্জ। তাঁর উল্লেখযোগ্য ভূমিকা অনুষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।
সাফল্যের ঝলক:
অনুষ্ঠানে তাঁদের সাফল্যগাঁথা সকলের সামনে তুলে ধরা হয়। তাঁদের নজরকাড়া স্বীকৃতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। ৩০ জনের মধ্যে ফাইনাল কোর্সে প্রথম স্থান অধিকার করেন লেফটেন্যান্ট ভাবনা শর্মা। অর্জন করেন “রোলিং ট্রফি ও গোল্ড মেডেল”। লেফটেন্যান্ট আয়ুশি বাজপাইকে “সেরা সর্বাঙ্গীণ নার্সিং ক্যাডেট” সম্মান দেওয়া হয়। পড়াশোনা এবং এক্সট্রা-কারিক্যুলার ক্ষেত্রে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য তুলে দেওয়া হয় সম্মাননা। অন্যদিকে, লেফটেন্যান্ট বর্ষা গেহলট “সেরা ক্লিনিক্যাল নার্স”—এর স্বীকৃতি দেওয়া হয়। বাস্তব চিকিৎসা পরিষেবায় উৎকর্ষতা বজায় রাখার জন্য সম্মানিত করা হয় গেহলটকে।
নতুন দিগন্তের সূচনা:
বিএসসি নার্সিং দ্বাদশ ব্যাচের কমিশনিং অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার খাতিরে নয়। বরং ৩০ জন তরুণী অফিসারের জীবনের এক গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে তাঁরা এবার দেশরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন। যা দেশসেবার শপথে এক গর্বের অধ্যায় বলেই মনে করা হচ্ছে।