• গরমে পুড়ছে কেরল, তীব্র তাপপ্রবাহে ‘লকডাউন’-এর বার্তা, দিনে জনসমাবেশে নিষেধাজ্ঞা বিজয়নের
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৬
  • গ্রীষ্মের শুরুতেই প্রকৃতির রোষে কেরল। লাগাম ছাড়া গরমে নাজেহাল রাজ্যবাসী। এই অবস্থায় কোভিডকালের মতো জনতাকে ‘লকডাউনে’র পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যেহেতু বেলা গড়াতেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে ব্যাটিং পারদ, সঙ্গে চলছে প্রবল তাপপ্রবাহ। এই অবস্থায় বেলা ১১টা থেকে দুপুর ৩টে অবধি ‘সেল্ফ লকডাউনে’র পরামর্শ দিলেন কেরলের মুখ্যমন্ত্রী। জরুরি প্রয়োজন ছাড়া জনতাকে পথে বেরতে বারণ করলেন তিনি।

    মৌসম ভবন জানিয়েছে, আপাতত পালাক্কড়, কোল্লাম এবং ত্রিচুরের মতো জেলাগুলিতে বেলা গড়াতেই বিপজ্জনক তাপপ্রবাহ চলবে। এই জেলাগুলিতে ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে তাপামাত্রা। তাপের পাশাপাশি প্রবল আর্দ্রতার কারণে রাজ্যজুড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে যেসব এলাকা আনুষ্ঠানিকভাবে সতর্কতার আওতায় নেই, সেখানেও তীব্র গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় কেরলবাসীর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

    নির্দেশিকায় বলা হয়েছে, বেলার দিকে পথে বেরলে ভয়ংকর গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে সানস্ট্রোক। এমনকী এর ফলে মৃত্যুও পর্যন্ত হতে পারে। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরতে বারণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় বলা হয়েছে, “আপনার মধ্যে হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিন। কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ছায়ায় নিয়ে গিয়ে, শরীর ঠান্ডা করতে সাহায্য করুন।”

    তাপপ্রবাহের কারণে কেরল সরকার জনসমাবেশও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। বাইরের কোনও অনুষ্ঠান, যেমন— খেলাধুলা, প্যারেড ও আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। চরম আবহাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। দিনমজুরদের কাজের সময়ে পরবির্তনের কথাও বলা হয়েছে। এছাড়াও হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পাখি, কুকুর-বেড়ালের মতো প্রাণীদের সাহায্যে বাড়ির বাইরে জল রাখতে এবং ছায়ার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন সাধারণ মানুষকে।
  • Link to this news (প্রতিদিন)