আপের বিপর্যয়ে শক্তিবৃদ্ধি বিজেপির, রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কত দূরে গেরুয়া শিবির?
প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৬
জাতীয় রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। সংসদীয় রাজনীতিতে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল আম আদমি পার্টি। একযোগে আপের সাত সাংসদ গেরুয়া শিবিরে যোগ দিলেন। অরবিন্দ কেজরিওয়ালের হাত ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানিরা। ফলে রাজ্যসভায় শক্তি অনেকটা বেড়ে গেল।
এনডিএ সার্বিকভাবে আগেই সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে। এবার রাজ্যসভায় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ২৪৫ আসনের মধ্যে বিজেপির হাতে ছিল ১০৬ জন সাংসদ। এনডিএ’র সম্মিলিত আসনসংখ্যা ১৩৯। যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটাই বেশি। এবার সেই সংখ্যাটা আরও অনেক বাড়ল। আপের ৭ সাংসদ যোগ দেওয়ার ফলে বিজেপি এককভাবে পৌঁছে গেল ১১৩ আসনে। এনডিএ পৌঁছে গেল ১৪৬ আসনে। ২৫০ আসনের রাজ্যসভায় ম্যাজিক ফিগার এমনিতে ১২৬। তবে এই মুহূর্তে কয়েকটি আসন ফাঁকা থাকাই সেটা আরও খানিকটা নেমেছে। অর্থাৎ বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অনেকটাই কাছাকাছি চলে গেল।
এর বাইরে সরাসরি বিরোধী শিবিরে রয়েছেন ৭৫ জন সাংসদ। এর মধ্যে ২৯টি কংগ্রেসের। তৃণমূলের ১৩ এবং ডিএমকের ৮ আসন রয়েছে। সমাজবাদী পার্টির ৪ এবং বামেদের ৬টি আসন রয়েছে। এর বাইরে অন্যান্য দলগুলির মধ্যে আপের সাংসদ সংখ্যা আগে ছিল ১০। সেটা এবার কমে দাঁড়াল তিনে। ওয়াইএসআর কংগ্রেস এবং বিজেডির সাংসদ ৭ ও ৬। এ বছরের শেষের দিকে আরও ৩৪ আসনের নির্বাচন হওয়ার কথা। সেসময় বিজেপির সংখ্যাটা বেড়ে ১২০ পর্যন্ত হয়ে যেতে পারে। আরও কমতে পারে বিরোধীদের আসন সংখ্যা।
রাজ্যসভায় বিজেপির এই বিপুল শক্তিবৃদ্ধি বিজেপির জন্য বিরাট সুখবর। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে লোকসভার চেয়ে রাজ্যসভায় বেশি স্বস্তিদায়ক জায়গায় গেরুয়া শিবির। আগামী দিনে আর কোনও আইনের ক্ষেত্রেই রাজ্যসভার বেড়া টপকাতে সমস্যায় পড়তে হবে না গেরুয়া শিবিরকে।