• ভোটের দিন লাভপুরে অশান্তির জল গড়াল হাই কোর্টে, এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৬
  • মোটের উপর প্রথম দফার ভোট (West Bengal Assembly Election) শান্তিপূর্ণ হলেও দফায় দফায় অশান্ত হয়েছে বীরভূমের লাভপুর। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার উপর দফায় দফায় হামলা, তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ। তাঁর নির্বাচনী এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে কার্যত রণক্ষেত্রের চেহারা। এবার সেই অশান্তির জল গড়াল কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্ত চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা।

    প্রথম দফা ভোট (West Bengal Assembly Election) মিটতেই লাভপুরের অশান্তির ঘটনার রেশ জারি। বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় এবার হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে এনআইএ হস্তক্ষেপের দাবি করা হয়েছে মামলায়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

    ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় বীরভূমের লাভপুর। বিজেপির অভিযোগ, ভোটের দিন সকালে বুথে পৌঁছতেই লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে ঘিরে ধরে মারধর করা হয়। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। জামা ছিড়ে যায় ওই প্রার্থীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। তাঁদের দাবি, পরিকল্পিতভাবেই প্রার্থীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের মাথা ফাটানোরও অভিযোগ ওঠে। অন্যদিকে, তৃণমূলের পালটা অভিযোগ,দেবাশিস ওঝা ভোটের শেষ লগ্নে ওই বুথে এসে অশান্তি করার চেষ্টা করছিলেন। সেই কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রথম দফার ভোটে।
  • Link to this news (প্রতিদিন)