অতীতে ‘ভূতুরে’ ভোটারদের নিয়ে জনসভায় হাজির হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা উত্তর দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিল করলেন এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নিয়ে। তাঁদের অধিকাংশই মহিলা।
শুক্রবার বিকেলে নিউ ব্যারাকপুর সাড়ে সাত নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে মিছিল করে তৃণমূল। ওই মিছিলে নেতৃত্ব দিয়ে চন্দ্রিমা প্রচার সারে নিউ ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে। তাঁর সঙ্গে ছিলেন নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা। চন্দ্রিমা বলেন, ‘নির্বাচন কমিশন যা করেছে, সেটা ঘৃণ্য চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ রায় দিচ্ছেন। গতকাল রায় হয়ে গিয়েছে। আগামী ২৯ তারিখ সেই ঝড় বহাল থাকবে।’
তৃণমূলের অভিযোগ, মিছিলে যে সব মহিলা ছিলেন, তাঁদের পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, এমনকী জন্মের শংসাপত্রও আছে। তাঁদের নাম বাদ গেল কোন যুক্তিতে? প্রবীর বলেন, ‘এঁদের জন্য ভারতবর্ষে একমাত্র লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২ লক্ষ নাম বাঁচিয়েছেন উনি। ২৭ লক্ষ মানুষের নামও বাঁচাবেন।’