দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। শুক্রবার প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন হুগলি জেলার পাণ্ডুয়া বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী। নির্বাচনের মুখে তৃণমূলকে কটাক্ষ সিপিএম, বিজেপির।
এ দিন সকালে পাণ্ডুয়ার দাসপুর পঞ্চায়েতের দাতসর গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। সেই সময়ে গ্রামের কিছু বাসিন্দা প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। বাসিন্দাদের অভিযোগ, গ্রামের ৫০ মিটার রাস্তার কাজ হয়নি, অথচ দেখা যাচ্ছে খাতায়-কলমে কাজ হয়ে গিয়েছে। বর্ষা এলেই এক হাঁটু করে জল জমে যায়। হাঁটাচলা করা যায় না। নিকাশি না থাকায় বাড়ির মধ্যে জল ঢুকে যায়। পানীয় জলের সমস্যা রয়েছে। দিনে তিনবার জল দেয় কিন্তু সেটাও বন্ধ ছিল।
ভোটারদের কাছ থেকে অভিযোগ শুনেই পঞ্চায়েতের প্রধানকে ডেকে পাঠান তৃণমূল প্রার্থীর সমীর চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি দেখছি কোথাও পানীয় জলের সমস্যা আছে, কোথাও রাস্তার সমস্যা রয়েছে। এটা বিক্ষোভ নয়, গ্রামবাসীরা তাদের অভিযোগ জানাচ্ছে। রাস্তাটা কেন হয়নি? একটা অংশ কেন বাকি রয়েছে? পঞ্চায়েতের প্রধানের দেখার কাজ। তাঁদের উপরে আমি তদারকি করব। আমি ওঁদের অভিভাবকের মতো। তাঁরা আমাকে আবদারের সুরে বলেছেন।’ পঞ্চায়েতে প্রধান করুণা ক্ষেত্রপাল বলেন, ‘এই রাস্তা আমার পাড়া, আমার সমাধান কর্মসূচিতে ধরা রয়েছে। ভোট মিটলেই এই রাস্তার কাজ করা হবে।’
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধী শিবির। পাণ্ডুয়ার সিপিএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, ‘গোটা ব্লকের রাস্তা, পানীয় জলের অবস্থা বেহাল। মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করে না। ১৫ বছর ধরে এরা শুধু কাটমানি খেয়েছে।’ বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন, ‘সোনার পাণ্ডুয়াকে শেষ করে দিয়েছে। মানুষের সঙ্গে রাজনীতি করছে। রাস্তা যেমন ধ্বংসের পথে গিয়েছে, মানুষকেও ধ্বংসের পথে নিয়ে গিয়েছে।’