আরজি করের লিফটের দুর্ঘটনার স্মৃতি ফেরাল শ্রীনগরের এক অভিজাত হোটেল। পর্যটকরা উঠতেই ভেঙে পড়ল লিফট। বরাতজোরে প্রাণে বাঁচলেও সাংঘাতিক আহত হয়েছেন ছয় জন পর্যটক। শুক্রবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের হায়দারপোরা এলাকার একটি হোটেলে।
জানা গিয়েছে, শ্রীনগরে ঘুরতে এসে উপত্যকার একটি হোটেলে উঠেছিলেন ছয় পর্যটকের একটি দল। এদিন সকালে ঘুরতে যাওয়ার সময়ে গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য লিফটে উঠেছিলেন তাঁরা। সেই সময়ে আচমকা লিফটটি হঠাৎ বিকল হয়ে যায় এবং এক ধাক্কায় সোজা লিফটের চেম্বারের মধ্যে আছড়ে পড়ে। ফলে লিফটের ভিতরে থাকা সকলেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগরের বারজুল্লা এলাকার বোন অ্যান্ড জয়েন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের বেশিরভাগেরই পা ও শরীরের নীচের অংশে আঘাত লেগেছে, তবে সকলের অবস্থাই স্থিতিশীল।
আহতদের মধ্যে রয়েছেন মুনি থিমাইয়ার ছেলে ভেঙ্কটেশ (৬৫), আর এল মূর্তির স্ত্রী ডি. মাঙ্গুলা (৫৪), জয়রামের মেয়ে কুশাল্লা (১৮), পঙ্কজা (১৬), চিন্নিয়ার স্ত্রী ভেঙ্কটলক্ষ্মাম্মা (৬০) এবং ভেঙ্কটেশের স্ত্রী সৌভাগ্য (৬০)। তাঁরা সবাই বেঙ্গালুরুর বাসিন্দা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লিফটের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।