Big Breaking: ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা শুক্রবার খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোটের আগের দিন সন্ধ্যে ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।
ভোটের তিন দিন আগেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল এই মামলার শুনানিতে কমিশনকে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়।
বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন, 'আপনাদের কর্তৃপক্ষ কেন জরুরি অবস্থা ঘোষণা করছেন না? দু’দিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করে ভোট করানো হোক। তা হলে মানতে হবে, কর্তৃপক্ষ ব্যর্থ।’ গত পাঁচ বছরে কত বাইকের বিরুদ্ধে FIR হয়েছে, কত জায়গায় বাইক বাহিনীর গোলমাল পাকানোর নজির আছে? সে বিষয়েও জানতে চায় হাইকোর্ট। শনিবার এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও শেষমেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হবে না।