দ্বিতীয় দফার ভোটের আগে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সূত্রের খবর, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করবেন। আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা থেকে TMC-র প্রার্থীদের হয়ে রোড শো করেন তিনি।
এর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন বাংলায়। একই দাবি করেন তেজস্বীও। বিহারে অন্যায়ভাবে জিতেছে বিজেপি, এই অভিযোগ করে আরজেডি প্রধানের সংযোজন, 'আমার বিশ্বাস, এবারও মমতাদি জিতে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করবে না। বাংলায় অনেক বিহারী থাকে। তাদের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায় কাজ করেছেন। তারা এখানে ভালো আছে। এবারের ছটপুজোতেও একাধিক দিন ছুটি দিয়েছিলেন দিদি। তিনি বিহারীদের খুব সম্মান করেন। সেটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। যতই চেষ্টা করুন না কেন, বাংলায় বিজেপি কিচ্ছু করতেই পারবে না।'
এরপর বিজেপিকে প্রতারিতদের দল বলে আক্রমণ করেন তেজস্বী। তাঁর দাবি, ভোটের আগে সাধারণ ভোটারদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তবে তাঁরা সেই সব রক্ষা করেননি।
তেজস্বীর দাবি, 'বিহারের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। ভোটের আগে ২ লাখ টাকা, চাকরি, পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সব আজ পূরণ করা হয়নি। তাই বিহারের লোক যে ভুল করেছে, বাংলার লোক তা করবে না এই আশা করি।'
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলায় প্রথম দফায় ভোট সম্পন্ন হয়েছে। ৯২ শতাংশেরও বেশি ভোট পড়েছে এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ভোটে তৃণমূল রেকর্ড সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। একই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তবে কী কারণে এত ভোট পড়েছে তা রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও পরিষ্কার নয়। একাংশের দাবি, SIR-এর প্রভাবে এত বেশি ভোট পড়েছে। সেখানে আর এক অংশের দাবি, এই ভোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও ফলাফল জানা যাবে ৪ মে। সেদিনই পরিষ্কার হবে আসল ছবিটা।