কালীঘাটে BJP-র মহিলা কর্মীকে হুমকির অভিযোগ TMC-র বিরুদ্ধে, কমিশনের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর
আজ তক | ২৫ এপ্রিল ২০২৬
রাজ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে বৃহস্পতিবার। এখন জোরকদমে চলছে দ্বিতীয় দফার ভোটের প্রচার। শহরে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই আবহেই তৃণমূলের তরফে বিজেপির মহিলা কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাস্থল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের কালীঘাট। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেন, ওয়ার্ড নম্বর ৭১-এর বিজেপির শক্তিকেন্দ্রের প্রধান ওই মহিলাকে তাঁর বাড়িতে গিয়ে একদল হেনস্থা ও ভয় দেখায়। বিজেপির দাবি, গতকাল রাতে ওই মহিলা বিজেপি কর্মী বাড়িতে থাকাকালীন একদল লোক তাঁর বাড়ি ঘিরে ফেলে। অভিযোগ, তাঁকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার জন্য হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটি গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা এবং বিরোধী দলের কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত পদক্ষেপ। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে এবং ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী শুক্রবার অভিযোগ করেছেন, দক্ষিণ কলকাতায় শাসক দল টিএমসি-র সমর্থকরা এক বিজেপি কর্মীকে তাঁর বাসভবনে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে। এই নিয়ে তিনি ভারতের নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা বলেন, 'এটি বিরোধী দলকে স্তব্ধ করার এবং এই দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহিলা দলীয় কর্মীদের আতঙ্কিত করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।' তিনি এই ঘটনাটিকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে প্রায় ৯৩ শতাংশ উচ্চ ভোটদানের হারের সঙ্গেও যুক্ত করেন। শুভেন্দুর বক্তব্য, 'আসন্ন পরাজয়ের পর শাসক দল ভীত হয়ে পড়েছে।' শুভেন্দু সতর্ক করে বলেন, 'স্থানীয় পুলিশ যদি এই গুন্ডামির নীরব দর্শক হয়ে থাকে, আমরা চুপ করে বসে থাকব না।' তিনি আরও যোগ করেন, টিএমসি-র হুমকি পরিবর্তনকে থামাতে পারবে না।