• মোদীর গঙ্গাবিহারে রাজনৈতিক তরজা, যমুনা দূষণ নিয়ে খোঁচা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২৫ এপ্রিল ২০২৬
  • বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গায় নৌবিহারে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাওড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গঙ্গাবিহারের ছবি তুলে ধরে ‘দেখনদারি’ করার বদলে দেশের নদীগুলির প্রকৃত দূষণ সমস্যার দিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি বিশেষভাবে যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘যমুনার জল আজ কী অবস্থায় পৌঁছেছে, তা সকলেরই জানা। আগে সেটার দিকে নজর দিন, তারপর গঙ্গাবিহারের ছবি তুলে প্রচার করুন।’

    মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, শুধু ছবি বা প্রচারের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান হয় না। নদী দূষণ, পরিবেশ রক্ষা এবং মানুষের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তিনি দাবি করেন।

    অন্যদিকে, প্রধানমন্ত্রীর গঙ্গাবিহারকে ঘিরে বিজেপির তরফে প্রচার জোরদার করা হয়েছে। তাদের দাবি, গঙ্গার সঙ্গে দেশের সংস্কৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে। তাই এই উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে দেখা উচিত।

    এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাগযুদ্ধ আরও তীব্র হয়েছে। ভোটের আবহে এই ইস্যু যে আগামী দিনে আরও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)