• ‘ওঁরা নিশ্চয়ই…’ ঝাঁটা ফেলে রাঘব চাড্ডাদের BJP-র লাড্ডু খাওয়া নিয়ে কী বললেন আন্না হাজারে?
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • শুক্রবার জোর ধাক্কা খেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মসনদ আগেই গিয়েছিল, এখন আম আদমি পার্টিটাই প্রায় উঠে যাওয়ার মুখে। রাঘব চাড্ডা যে BJP-মুখী, তা সকলের কাছেই স্পষ্ট ছিল। কিন্তু এ দিন তিনি একা পাড়ি দেননি গেরুয়া শিবিরে, সঙ্গে নিয়ে গিয়েছেন রাজ্যসভার আরও ছয় জন সাংসদকে। রাজ্যসভায় আম আদমি পার্টির সদস্য সংখ্যা ১০ থেকে এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে তিনে। আপে এই ধস নামা নিয়ে কী বললেন কেজরিওয়ালের এক সময়ের গুরু তথা সমাজকর্মী আন্না হাজারে?

    শুক্রবার মহারাষ্ট্রের আহিল্যানগর জেলায় এক সাংবাদিক সম্মেলন করেন এই প্রবীণ সমাজকর্মী। তাঁর মতে, আম আদমি পার্টি (AAP) ‘সঠিক’ পথে চলেনি। চললে রাঘব চাড্ডা এবং রাজ্যসভার আরও ছয় জন সদস্য দলত্যাগ করতেন না।

    আন্না বলেন, ‘(AAP ছাড়ার পিছনে) নিশ্চয়ই কোনও না কোনও কারণ রয়েছে।গণতন্ত্রে প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। কোনও ব্যক্তি কোথায় থাকবেন আর কোথা থেকে বেরিয়ে যাবেন— সে বিষয়ে প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে।’

    রাঘব চাড্ডাদের দল ছাড়ার দায়ও তিনি আপ নেতৃত্ব অর্থাৎ, অরবিন্দ কেজরিওয়ালের ঘাড়েই চাপিয়েছেন। আন্না বলেন, ‘ওঁরা (চাড্ডা ও অন্যরা) নিশ্চয়ই AAP-এর অভ্যন্তরে কোনও সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আর সেই কারণেই তাঁরা দল ছেড়েছেন। এটি তাঁদেরই (AAP নেতৃত্বের) দোষ। দলটি যদি সঠিক পথে চলত, তবে তাঁরা দল ছাড়তেন না।’

    আন্নার সাংবাদিক বৈঠকের বেশ কিছু আগে, দিল্লিতে আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডা ও সন্দীপ পাঠক এক সাংবাদিক সম্মেলন করে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে গিয়ে BJP-তে যোগ কথা ঘোষণা করেন। রাঘব চাড্ডা জানান, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদদের দুই-তৃতীয়াংশই দলত্যাগ করেছেন এবং তাঁরা এখন একটি পৃথক গোষ্ঠী হিসেবে কাজ করবেন।

    রাঘব চাড্ডার নেতৃত্বে এই দলত্যাগ AAP দলের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের গতির উপর ভর করে ২০১২ সালে প্রতিষ্ঠা হয়েছিল আপের। তার পর উল্কার গতিতে হয় উত্থান। ১০ বছরের মধ্যে দিল্লি ও পাঞ্জাব, দুই রাজ্যে ক্ষমতায় চলে এসেছিল দলটি। বর্তমানে যে সঙ্কট তৈরি হলো, এমন বড় সঙ্কটের মুখে AAP কখনও পড়েনি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

  • Link to this news (এই সময়)