• ভোটের প্রচারে এসে ‘আজ়াদি’র আশ্বাস, জোড়াফুলে বিদ্ধ নমো
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • এই সময়: বাং‍লার সাধারণ মানুষকে ‘স্বাধীনতা’ দিতে চান নরেন্দ্র মোদী!

    ব্রিটিশ বিরোধী লড়াইয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’ তৃণমূলের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমে বাংলার জনতার আশীর্বাদের বিনিময়ে বঙ্গবাসীকে তৃণমূলের অপশাসন থেকে ‘স্বাধীন করার’ প্রতিশ্রুতি দিলেন। বিজেপি ক্ষমতায় এলে ঠিক কী কী বিষয়ে ‘স্বাধীনতা’ মিলবে, শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জোড়া নির্বাচনী সভা থেকে নমো তার লম্বা ফিরিস্তিও দিয়েছেন। তৃণমূল অবশ্য মনে করছে, এটা আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কারণ, ক’দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাং‍লায় ভোট প্রচারে এসে ‘তোমরা আমাকে রক্ত দাও...’ উদ্ধৃতিটি নেতাজির বদলে স্বামী বিবেকানন্দের মুখে বসিয়ে দিয়েছিলেন!

    শুক্রবার প্রথমে পানিহাটি এবং পরে বারুইপুরের সভা থেকে মোদীর মুখে নানারকম প্রতিশ্রুতি শোনা যায়। তার মধ্যে নবতম সংযোজন হলো বাংলার মানুষকে ‘স্বাধীনতার স্বাদ’ দেওয়ার প্রতিশ্রুতি। নমো বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’ এর পরেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাংলার ভাই–বোনরা আপনারা আমাদের আর্শীবাদ দিন, আমরা আপনাদের স্বাধীনতা দেবো।’ এই ‘স্বাধীনতা’ ঠিক কেমন ‘স্বাধীনতা’ তার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, ‘তৃণমূলের ভয় থেকে আজ়াদি, তৃণমূলের দুর্নীতি থেকে আজ়াদি, তৃণমূলের সিন্ডিকেট থেকে আজ়াদি, নারী নির্যাতন থেকে আজ়াদি, বেকারত্ব থেকে আজ়াদি।’ তাঁর সংযোজন, ‘যে চিন্তাভাবনা বাংলায় হিংসা ছড়ায়, তার থেকে আজ়াদি দেবো আপনাদের। তার জন্য বিজেপির ক্ষমতায় আসা দরকার।’

    দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্ররা যখন আজ়াদি স্লোগান তুলেছিল, তখন বিজেপি নেতারা বিস্ময় প্রকাশ করে বলতেন, ‘স্বাধীন দেশে কীসের আজ়াদির কথা বলছে ওরা?’ এ দিন প্রধানমন্ত্রীর ভাষণ শুনে যাদবপুরের ছাত্র দেবায়ুধ সান্যালের টিপ্পনি, ‘মাননীয় প্রধানমন্ত্রীজি, স্বাধীন দেশে আপনি কীসের আজ়াদি চাইছেন? এখন আজ়াদি স্লোগান দেওয়ার সময়ে নিজেকে দেশবিরোধী মনে হচ্ছে না প্রধানমন্ত্রীর?’ তৃণমূল অবশ্য মনে করছে, ক’দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে যে ভাবে নেতাজির ‘স্বাধীনতা’ সংক্রান্ত মন্তব্য স্বামী বিবেকানন্দের মুখে বসিয়েছেন, সেটা মানুষের মন থেকে মুছতে এ দিন মোদী নিজেই ‘আজ়াদি স্লোগান’ তুলেছেন। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায়, ‘বোঝাই যাচ্ছে, মোদীকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে বিজেপি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো— নেতাজির এই আহ্বান ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা মাইলস্টোন। যোগী আদিত্যনাথ বাংলায় ভোট প্রচারে এসে সেটা বিবেকানন্দের মুখে বসিয়ে দিয়েছেন। গোটা বাংলা ছিঃ ছিঃ করছে। মোদী এ দিন তাই ড্যামেজ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা করলেন।’

  • Link to this news (এই সময়)